রাজ-সিমরণের সেই প্রেম এখন অস্কারের পাতায়

আজ থেকে ত্রিশ বছর আগে বলিউডে উঠেছিল এক বিপ্লব। শাহরুখ খান ও কাজলের রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এক নুতন অধ্যায়ের সৃষ্টি করে। রাজ-সিমরণের সেই প্রেমকাহিনি আজও অম্লান দর্শকহৃদয়ে। এবার অস্কারের নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাকাডেমি’র বিশ্বসেরা ভ্রমণকেন্দ্রিক রোমান্টিক সিনেমার তালিকায় জায়গা পেল আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
বলিউডের ইতিহাসে সিনেমাটি একটি আবেগের নাম। সম্প্রতি সিনেমাটির ৩০ বছর পূর্তি পালিত হয়েছে বিশ্বজুড়ে। এ উপলক্ষে লন্ডনের লেস্টার স্কোয়ারে বসেছে রাজ-সিমরনের ব্রোঞ্জের মূর্তি।
সম্প্রতি অ্যাকাডেমির অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডলের একটি পোস্টে ‘ইট প্রে লাভ’, ‘দ্য হলিডে’ ও ‘ইউ মি অ্যান্ড টাস্কানি’র মতো বিশ্বখ্যাত সিনেমার পাশে ‘ডিডিএলজে’-র স্থিরচিত্র শেয়ার করা হয়েছে। সেখানে ক্যাপশনে জানতে চাওয়া হয়—‘ভ্রমণ বা ট্রাভেল নিয়ে আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি?’
পোস্টটি নজরে আসতেই আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী কাজল। অ্যাকাডেমির পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে তিনি লেখেন, ‘আমি ডিডিএলজে-কেই ভোট দিচ্ছি।’ কাজলের এ প্রতিক্রিয়া মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
গত বছরই এই কালজয়ী ছবি ৩০ বছরে পদার্পণ করেছে। রাজ-সিমরণের রোমান্টিক জুটিকে দেখতে এখনও মানুষের মনে রয়েছে ব্যাপক আগ্রহ। ৩০ বছর ধরে মারাঠা মন্দির সিনেমা হলের ১১টার শো-তে সিনেমাটি ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-কে জায়গা দিতে গিয়ে সময় পরিবর্তন হলেও এখনও চলছে যথারীতি।