ব্যয়বহুল সিনেমা নির্মাণে এগিয়ে দক্ষিণীরা

একটা সময় গোটা ভারতে ছিল বলিউড ইন্ডাস্ট্রির জয়জয়কার। বলিউড সিনেমা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। আর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত, শ্রীদেবী, মোহনলালের মতো দু-চারজন ছাড়া দক্ষিণী আর কোনো অভিনেতাই পরিচিতি পাননি তেমন করে। কিন্তু সেসব দিন পেরিয়ে এখন দক্ষিণী সিনেমার অবস্থা রমরমা। দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমাগুলো বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ছে। আর প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছে বিশাল বাজেটের সিনেমা।
সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প বৈশ্বিক মাস্টারপিস সিনেমা নির্মাণের লক্ষ্যে বড় বাজেট নিয়েই হাজির হচ্ছে। মহাকাব্যিক এসব সিনেমায় বড় বাজেট, বৃহৎ পরিসরে প্রযোজনা, অচিন্তনীয় ভিজ্যুয়াল এফেক্ট, হাই-প্রোফাইল অভিনেতা-কলাকুশলী এবং বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে এমন প্লট রয়েছে। দেশ-বিদেশের মনোমুগ্ধকর লোকেশন, আধুনিক সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দর্শকদের বিপুল প্রত্যাশা নির্মাতাদেরও উন্নতমানের সিনেমা নির্মাণে উৎসাহিত করে। টাইমস এন্টারটেইনমেন্টের আলোকে এরকম বিশাল বাজেটের সিনেমা নিয়ে এবারের আয়োজন।
চলছে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলের কাজ
এখন পর্যন্ত দক্ষিণ ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমাটি হলো ‘কল্কি ২৮৯৮ এডি’। ভবিষ্যৎ-কেন্দ্রিক এই ম্যাগনাম ওপাস সিনেমাটি পরিচালনা করেছিলেন নাগ অশ্বিন। এ সিনেমায় প্রভাসের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোনে, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো মেগা তারকারা। অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চন তো রীতিমতো ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেন। সিনেমাটি উপমহাদেশ ছাড়াও বিদেশে খুব ভালো ব্যবসা করে। ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী এক হাজার কোটি টাকারও বেশি আয় করে। এর আকর্ষণীয় গল্প এবং অত্যাশ্চর্য ভিজ্যুয়াল এফেক্ট দর্শকদের মুগ্ধ করেছে। নির্মাতারা সিনেমাটিকে আরও প্রসারিত ও দর্শকের চাহিদা পূরণের লক্ষ্যে আরও বিশাল কলেবরে এর সিক্যুয়েল তৈরির কাজ করছেন।
‘বারাণসী’র নতুন রেকর্ড
এস. এস. রাজামৌলি পরিচালিত আসন্ন মেগা প্রকল্প ‘বারাণসী’ ছাড়িয়ে যেতে পারে ‘কল্কি ২৮৯৮ এডি’র রেকর্ড। ভ্যারাইটির মতে, সিনেমাটি নির্মাণে রাজামৌলি ব্যয় করছেন ১ হাজার ২০০ কোটি থেকে ১ হাজার ৪০০ কোটি রুপি। এমন বিশাল বাজেটের সিনেমা এর আগে ভারতে কখনো হয়নি। অভূতপূর্ব বাজেটে নির্মিত সিনেমাটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ৯০০ কোটির বেশি স্বত্ব বাবদ আয় করেছে। মহেশ বাবু, পৃথ্বিরাজ, প্রিয়াঙ্কা অভিনীত সিনেমাটি নিশ্চিতভাবে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ব্যয়বহুল ছবি। গত বছরের শেষ দিকে ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ পায়। টিজারে ভিজ্যুয়াল, সময়ের ব্যাপকতা ও আকাঙ্ক্ষাসম্পন্ন গল্প বলার স্টাইলে বুঁদ হয়ে আছেন দর্শকরা।
নির্মাতারা সিনেমাটিকে অ্যাডভেঞ্চার-থ্রিলার হিসেবে বর্ণনা করেছেন। গল্পটি বিপজ্জনক ভূখণ্ডের মধ্য দিয়ে একটি দুঃসাহসিক যাত্রা এবং বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে প্রাচীন রহস্যের উন্মোচনের পথ অনুসরণ করে। বেশ কয়েকটি বিদেশী লোকেশনে দৃশ্যধারণ এবং উচ্চমানের গ্রাফিক সিকোয়েন্সের মাধ্যমে, ‘বারাণসী’ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে জাঁকজমক এবং বাজেটের একটি নতুন মানদণ্ড স্থাপন করার প্রতিশ্রুতি দেয়।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য বিগ বাজেটের ছবি
‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘বারাণসী’ ছাড়াও দক্ষিণ ভারতীয় সিনেমার ব্যয়বহুল তালিকায় রয়েছে এস. এস. রাজামৌলির ‘আরআরআর’, রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ এবং আল্লু আর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’। এরই মধ্যে সিনেমাগুলো দর্শকের হৃদয় জয় করেছে এবং বক্স অফিসে বিশাল ব্যবসা করে।