logo

এক্সে ফিরলেন ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা

এক্সে ফিরলেন ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

সামাজিকমাধ্যমে সবসময় সরব ও বিভিন্ন আলোচনা-সমালোচনা নিয়েই সাধারণের কাছে হাজির হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে নিয়মভঙ্গ ও বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ২০২১ সালে তার এক্স অ্যাকাউন্টটি ব্লক করা হয়। পরে দুই বছর আগে তার সেই অ্যাকাউন্টিটি সাসপেন্ডও করে কর্তৃপক্ষ।

অবশেষে দীর্ঘ দুবছরের নির্বাসন পর্ব শেষ। বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত সগৌরবে প্রত্যাবর্তন করলেন মাইক্রো ব্লগিং এই সাইটে। অনেক স্মৃতিবিজড়িত সেই পুরোনো অ্যাকাউন্ট ফিরে পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘টুইটারে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।’ কলকাতার গণমাধ্যমে কঙ্গনার এই টুইটারে ফিরে আসার কথা জানানো হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের পর ভোট-পরবর্তী সহিংসার অভিযোগ ওঠে। সেই সময় একটি বিতর্কিত টুইট করে কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দমন’ করেন। সাইটটির ‘হেটফুল কন্ডাক্ট’ বা ঘৃণামূলক আচরণবিধি লঙ্ঘনের দায়ে তখন কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট (@KanganaTeam) চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত বছর ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা অধিগ্রহণ করে নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। মাস্কের সে পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে সরব হয়েছিলেন কঙ্গনাও। এর পরই তার অনুরাগীরা অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জোর অনুরোধ জানিয়ে প্রচার শুরু করেন। অবশেষে ইলন মাস্কেই হলো শাপমুক্তি। ফিরে পেলেন প্রিয় সেই অ্যাকাউন্ট। দীর্ঘদিন পর বলিউডের এই ফায়ারব্র্যান্ড অভিনেত্রী আবারও সামাজিকমাধ্যমে সরব হবেন। এবার ইনস্টাগ্রামের সঙ্গে তাকে পাওয়া যাবে ‘এক্স’ হ্যান্ডেলেও।