ঈদে আসছে শাকিব খানের ‘মহব্বত’

ঈদের সিনেমার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন প্রযোজক আরশাদ আদনান। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও বড় পর্দায় বাজি ধরতে যাচ্ছেন তিনি। নিজের ফেসবুক আইডি থেকে নতুন একটি পোস্টার শেয়ার করে এই প্রযোজক লেখেন, ‘কখনও কখনও ভালোবাসা আসে একটি মূল্য, একটি প্রতিশ্রুতি এবং একটি লড়াইয়ের সাথে। পরিচয় করিয়ে দিচ্ছি “মহব্বত”—এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। ঈদুল আজহা ২০২৭।’
প্রকাশিত পোস্টার থেকে জানা যায়, আদনানের নতুন এই সিনেমার নায়ক হিসেবে এবারও দেখা যাবে শাকিব খানকে। যেটি নির্মাণের দায়িত্বে আছেন ‘প্রিয়তমা’ এবং ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো লম্বা কোট ও চোখে সানগ্লাস পরে এক হাতে রিভলবার নিয়ে হেঁটে যাচ্ছেন শাকিব খান, অন্য হাত দিয়ে নায়িকাকে ধরে রেখেছেন। পুরো পোস্টারটি গোলাপের পাপড়ির আবহে তৈরি। নাম এবং পোস্টারের ডিজাইনই বলে দিচ্ছে, আরও একটি পুরোদস্তুর প্রেমের কাহিনী নিয়ে ফিরছেন এই হিট ত্রয়ী। গত জুন মাসে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন আরশাদ আদনান। এবার নতুন সিনেমার নাম ঘোষণা করে সবাইকে চমকে দিলেন তিনি।
সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। একই প্রতিষ্ঠান থেকে এর আগে ২০২৩ সালে ‘প্রিয়তমা’ ও ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পায়।