logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস

প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস
প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস। ছবি: গেটি ইমেজ

দীর্ঘদিনের প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ব্যক্তিগত বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

শনিবার (২২ নভেম্বর) বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি নিশ্চিত হয়। এর আগে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড সপ্তাহের শেষ দিকে তাদের বিয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল। এন্টারটেইনমেন্ট টুনাইট-এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আগের দিন শুক্রবার পরিবার ও বন্ধুদের নিয়ে রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়। সেই আয়োজনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন মাইলির সৎবোন লিলি-রোজ পারসেল।

Advertisement

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ব্যক্তিগত বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ছবি: ব্যাকগ্রিড
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ব্যক্তিগত বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ছবি: ব্যাকগ্রিড

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো খিলানের নিচে সাদা গাউন পরে বিয়ের শপথ নেন মাইলি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অন্যদিকে ম্যাক্স নিজের হাতে লেখা বক্তব্য পড়ে শোনান।

মাইলি ও ম্যাক্সের সম্পর্কের গুঞ্জন প্রথম ছড়ায় ২০২১ সালের ডিসেম্বরে। গত বছরের নভেম্বরে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে মাইলির হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর তাদের বাগদানের খবর নিয়ে আলোচনা শুরু হয়। পরে ডিসেম্বরে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন মাইলি। জানান, এশিয়া সফরের সময় জাপানের কিয়োটো ভ্রমণের শেষ দিনে এক হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স।

বিয়ের ইঙ্গিত অবশ্য এর আগেও দিয়েছিলেন ‘ফ্লাওয়ার্স’খ্যাত এই গায়িকা। গত মাসে হলিউড বোলের মঞ্চে ম্যাক্সকে সঙ্গে নিয়ে ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেন তিনি।

এটি মাইলির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সংসার টেকেনি। ২০২০ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।