শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে মেয়ে খুশি

বলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন তার মেয়ে খুশি কাপুর। শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। শিগগির সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০১৮ সালে মাত্র ৫৪ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে বিদায় নেন রুপালি পর্দার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ এই তারকার অভিনীত সর্বশেষ ছবি ‘মম’ এর সিক্যুয়েল নির্মাণ চূড়ান্ত হয়েছে। বনি কাপুর প্রযোজনা সংস্থার অর্থায়নে এই সিক্যুয়েল আগামী বছরের মাঝামাঝি পর্দায় আসবে।
ভারতীয় সংবাদমাধ্যম বর্তমান সূত্রে জানা যায়, সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে শ্রীদেবী কন্যা খুশি কাপুরকে। খুশি ছাড়াও এ ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত ও কারিশমা তান্না। এর আগে শ্রীদেবীর বায়োপিকের জন্য চূড়ান্ত করা হয় অভিনেত্রীর আরেক কন্যা জাহ্নবী কাপুরকে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ এক দেবকীর গল্প বলে। একটি পার্টিতে মেয়ে যৌন নির্যাতনের শিকার হলে এক ক্ষিপ্ত মায়ের প্রতিশোধের গল্প নিয়েই নির্মিত সিনেমাটি। সিনেমাটিতে শ্রীদেবীর অনবদ্য অভিনয় দর্শকের হৃদয়ে গেঁথে আছে। দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান প্রয়াত এই কিংবদন্তি।
‘মম’ সিনেমার সিক্যুয়েলের গল্প নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। নির্মাতারা কোনো কিছুই খোলাসা করেননি। ২০২৩ সালে ‘আর্চিজ’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি খুশির। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘নাদানিয়া’, ‘লাভেয়াপ্পা’র মতো ছবি।