নেতাজি সুভাষ চন্দ্রের বায়োপিকে আরিয়ান শ্যাম

বড় পর্দায় কিংবদন্তিদের জীবনী নিয়ে নির্মিত সিনেমাগুলো বরাবরই দর্শকদের আগ্রহ থাকে প্রবল। এবার উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ নেতাজি সুভাষ চন্দ্র বসুর বর্ণাঢ্য জীবন ও গৌরবময় অধ্যায় এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই মহানায়কের বিগ বাজেট বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছে জেমিনি ফিল্ম সার্কিট।
সম্প্রতি জেমিনি ফিল্ম সার্কিট ‘সুভাষ - দ্য নেতাজি স্টোরি’ শিরোনামের একটি বড় বাজেটের বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছে। এতে নেতাজির ভূমিকায় অভিনয় করবেন প্রতিভাবান অভিনেতা আরিয়ান শ্যাম। বায়োপিকটির পরিচালনা করবেন আনন্দ ভি প্রসাদ।
সবচেয়ে বড় বিষয় হলো, অভিনেতা আরিয়ান শ্যাম স্বয়ং এক ঐতিহাসিক পরিবারের সন্তান। তিনি ব্রিটিশ আমলে অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য ‘ইন্ডিয়ান ব্যাংক’ প্রতিষ্ঠা করা জাতীয়তাবাদী নেতা ভি কৃষ্ণস্বামী আইয়ারের প্রপৌত্র।
নেতাজির চরিত্রে সুযোগ পেয়ে নিজেকে গর্বিত ভাছেন আরিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করা অত্যন্ত সম্মানের এবং বড় দায়িত্বের। আমি তার ত্যাগ ও আদর্শের প্রতি পূর্ণ বিচার করার চেষ্টা করব।’
পরিচালক আনন্দ প্রসাদ জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি বর্তমান তরুণ সমাজের সামাজিক বাস্তবতার দিকটিও সিনেমাটিতে ফুটিয়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে সামরিক বাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করা এবং তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনাই এই ছবির অন্যতম লক্ষ্য।
পেরু তুলসী পালানি ভেল-এর নির্বাহী প্রযোজনায় সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ বর্তমানে চলছে। চলতি বছরের শেষের দিকে এর শুটিং শুরু হবে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও ইংরেজি—এই সাতটি ভাষায় বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
.png)

