logo

দীপিকার নিরাপত্তায় বডি ডাবলের ব্যবস্থা অ্যাটলির

দীপিকার নিরাপত্তায় বডি ডাবলের ব্যবস্থা অ্যাটলির

বলিউড কুইন দীপিকা পাডুকোনে সম্প্রতি দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপ থেকে একচুলও সরছেন না তিনি। বরং বলা যায়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন। অন্তঃসত্ত্বা থাকার পরও অ্যাটলি কুমারের ‘রাকা’ নিয়ে দম ফেলার ফুরসত নেই নায়িকার। তবে পরিচালক অ্যাটলি ‘রাকা’র কঠিন অ্যাকশন দৃশ্যে কিছুটা পরিবর্তন এনেছেন দীপিকার জন্য।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুসারে জানা যায়, দীপিকার গর্ভধারণের খবরে পরিচালক অ্যাটলি অত্যন্ত আনন্দিত। তবে নিরাপত্তার স্বার্থে দীপিকার শুটিংয়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে কিছু অংশ নতুন করে সাজাচ্ছেন। এখনো প্রায় ৫০ দিনের শুটিং বাকি। সেখানে দীপিকার জন্য অ্যাটলি একটি বিশেষ বিকল্প পরিকল্পনা করেছেন। প্রধান পরিবর্তনটি হলো, দীপিকা অ্যাকশন দৃশ্যের কঠিন স্টান্টের জন্য বডি ডাবল ব্যবহার করা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘দীপিকার গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সে বডি ডাবল ব্যবহার করা হবে। এরই মধ্যে কিছু ক্লোজআপ সিকোয়েন্স শুট সম্পন্ন করেছেন। সেসব দৃশ্যের চূড়ান্ত প্রিন্টের জন্য ভিএফএক্স ব্যবহার করা হবে।’ আর এসব ভিএফএক্সের শারীরিক কাজগুলো সামলাবেন বডি ডাবল।

অন্তঃসত্ত্বা নায়িকার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ায় রীতিমতো প্রশংসার বানে ভাসছেন অ্যাটলি। অ্যাটলি নিজেও দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন।

‘রাকা’য় অ্যাটলি ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা বড় পর্দায় এক সম্পূর্ণ ভিন্ন দীপিকাকে দেখতে পাবেন। বড় বাজেটের এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার ‘পুষ্পা’খ্যাত আল্লু আর্জুন প্রধান চরিত্রে অভিনয় করবেন।