logo

‘ট্রেন টু বুসান’ পরিচালকের নতুন জম্বি হরর ‘কলোনি’

‘ট্রেন টু বুসান’ পরিচালকের নতুন জম্বি হরর ‘কলোনি’

দক্ষিণ কোরীয় অ্যাকশন হরর সিনেমা ‘ট্রেন টু বুসান’ বিশ্বব্যাপী আলোড়ন তোলে। সিনেমাটি পরিচালনা করে ইয়োন সাং-হো দর্শকমহলে নন্দিত হয়ে ওঠেন। সুনিপুণ চিন্তাধারার সঙ্গে কাহিনির মেলবন্ধন তার কাজকে করে তোলে অসাধারণ। এবার আবারও চমক দেখাতে ফিরছেন তিনি। ‘ট্রেন টু বুসান’-এর সাফল্যের পর ইয়োন সাং-হো তার নতুন জম্বি হরর মুভি ‘কলোনি’র ঘোষণা দিলেন।

আগামী মে মাসে মুক্তি পেতে চলা সিনেমাটি একটি ভবনকে ঘিরে আবর্তিত। সংক্রমণজনিত কারণে একটি সিল করা ভবনের প্রেক্ষাপটে নির্মিত এই জম্বি-হররে অভিনয় করেছেন জুন জি হিউন এবং জি চ্যাং উক।

অ্যাকশনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জম্বি থ্রিলারগুলো আবারও জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। জম্বি সিনেমার প্রেক্ষাপট নির্মাণে ইয়োন সাং-হো অতুলনীয়। তার প্রতিটি পরিকল্পনা দর্শকদের নাড়া নেয়। সাং-হোর নতুন প্রজেক্টটি এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এটি মনের গভীরে এমন কিছু ভয়ের অনুভূতি জাগিয়ে তুলবে, যা একটু বেশিই বাস্তব বলে মনে হবে।

‘কলোনি’-র কেন্দ্রবিন্দুতে রয়েছে রহস্যময় এক সংক্রমণ মহামারির সময় একটি আবদ্ধ ভবনে টিকে থাকার টানটান গল্প। কাহিনিটি সেই ভবনে আটকা পড়া একদল মানুষের বেঁচে থাকার লড়াই। যেখানে তারা ভয়ংকর সংক্রামিত প্রাণীদের মোকাবিলা করতে বাধ্য হয়। সংকটের কারণ অনুসন্ধানে একটি বহিরাগত তদন্তকে ঘিরে গল্পটি ভবনের বাইরেও বিস্তৃত হয়।

ইয়োন সাং-হোর জম্বি চলচ্চিত্রগুলো কেবল ভয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রায়ই গভীরতর সামাজিক উদ্বেগগুলোকে প্রতিফলিত করে। ‘কলোনি’র মাধ্যমেও তিনি বর্তমান সময়ের উদ্বেগগুলো তুলে ধরতে চেয়েছেন। দশ বছর আগে ‘ট্রেন টু বুসান’ দিয়েও একই চেষ্টা করেছিলেন তিনি।