logo

গায়ক-নায়ক দুজনই তলিয়ে গেলেন পানির স্রোতে

গায়ক-নায়ক দুজনই তলিয়ে গেলেন পানির স্রোতে

ভারতীয় সিনেদুনিয়াকে, বিশেষ করে টলিউডকে শোকস্তব্ধ করে শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ ও হতবাক সিনেমা অঙ্গন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। যদিও শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি।

বড়পর্দায় তার যাত্রা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। মুক্তির পরই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং তাকে নতুন সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। পরে বাণিজ্যিক ও মূলধারার নানা সিনেমায় সমানতালে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন রাহুল।

bigStoryContent

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায়  ‘প্রিয়া রে’ গানে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। ভাগ্যের নির্মম পরিহাস, সেই কণ্ঠশিল্পীও না ফেরার দেশে পাড়ি জমান ছয় মাস আগে সিঙ্গাপুরে। অবকাশ যাপনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। সেখানে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তিনি। একই সিনেমার নায়ক ও গায়ক মারা গেলেন পানিতে ডুবে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তবে ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন এই দম্পতি, পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।

অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।