ভাগ্য পরীক্ষায় নামছেন দক্ষিণী তিন তারকা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সামনের মে হতে যাচ্ছে কয়েক তারকার জন্য ভাগ্য পরীক্ষার মাস। মে-তে মুক্তি পেতে যাচ্ছে সামান্থা রুথ প্রভুর ‘মা ইন্তি বঙ্গারাম’, নিখিল সিদ্ধার্থের ‘স্বয়ম্ভু’ এবং পরিচালক-অভিনেতা তরুণ ভাস্করের ‘গয়াপদ্দা সিমহাম’। এসব হাইভোল্টেজ সিনেমা নীরবে তাদের ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। নিস্তেজ গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে মাসটি এক ভিন্ন ধরনের চাপ নিয়ে এসেছে। আসন্ন মে মাসে সামান্তা এবং কয়েকজন মাঝারি মানের তারকা কম থেকে উচ্চ বাজেটের সিনেমা দিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করছেন। বিশেষ করে সামান্থা, নিখিল ও তরুণ বক্স অফিসে চমক সৃষ্টি করার জন্য মুখিয়ে আছেন। সূত্র: টুপাকি ডটকম
সামান্থা রুথ প্রভু:
এ সময়ের বড় তারকা ‘পুষ্পা আইটেম গার্ল’ খ্যাত তামিল অভিনেত্রী বেশ কিছুদিন ধরে সরাসরি কোনো তেলেগু সিনেমায় অভিনয় করেননি। বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে এবং কিছু ফটোশুটেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এর মাঝে 'শুভম'সহ তার কোনো সিনেমাই সফল হয়নি। এবার নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বঙ্গারাম’ নিয়ে মে মাসে পর্দায় হাজির হচ্ছেন। তিনি নিজেও সিনেমাটির প্রযোজক। ১৫ মে মুক্তি পেতে যাওয়া সিনেমার মাধ্যমে ৪০ বছরের এই অভিনেত্রী আবার শক্তিশালী প্রত্যাবর্তনের আশা করছেন।
নিখিল সিদ্ধার্থ:

‘হ্যাপি ডেজ’-এ বিশাল সাফল্য পেলেও পরের ছবি ‘কার্তিকেয়া ২’তে এসেই জনপ্রিয়তা দ্রুত কমে যায় নিখিলের। এর পর দুটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাড়া জাগাতে পারেননি। এবার ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা ‘স্বয়ম্ভু’ নিয়ে আসছেন। এতে একটি পিরিয়ড সেটিং-এর যোদ্ধার ভূমিকায় অভিনয় করবেন নিখিল। মে মাসের শেষ সপ্তাহে মুক্তি পেতে যাওয়া ‘স্বয়ম্ভু’ নিখিলের জন্য ‘মাস্ট উইন’ সিনেমা। যদি জিততে না পারেন তবে কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে তার ক্যারিয়ার।
তরুণ ভাস্কর:

পরিচালক হিসেবে সফল হলেও অভিনেতা হিসেবে তরুণ ভাস্কর নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি। এবার নিজেকে প্রমাণের লড়াইয়ে নামছেন ‘গয়াপদ্দা সিমহাম’ দিয়ে। ১ মে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে প্রচারণার জন্য সৃজনশীল ও কঠোর পরিশ্রম করেছেন। আসন্ন ক্রাইম কমেডি ড্রামাটিতে দর্শক কীভাবে তাকে গ্রহণ করবে—সেটাই দেখার।