logo

দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে পর্দায় প্রত্যাবর্তন হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। তার এই ফিরে আসার খবরে উচ্ছ্বাস বইছে ভক্তদের মনে। প্রিয় অভিনেত্রীকে বড় পর্দায় দেখতে আশায় বুক বাঁধছেন তারা।

টিনসেল টাউনের গুঞ্জন, শিগগির বড় বাজেটের সিনেমা দিয়ে রুপালি পর্দায় ফিরতে চলেছেন ক্রিকেটার বিরাট কোহলির পত্নী বলিউড তারকা আনুশকা শর্মা। দুই ভুবনের এই প্রিয় জুটিকে ডাকা হয় ‘বিরুশকা’ বলে। শোনা যাচ্ছে, একই সিনেমায় কাজ করবেন বলিউড-টালিউডের বেশ কয়েকজন মেগা তারকা।

আনুশকাকে শেষবার ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। শাহরুখের বিপরীতে জুটি বাঁধলেও সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সাংসারিক জীবনকে প্রাধান্য দিয়ে মাঝে আট বছরের দীর্ঘ বিরতি। তার এই বিরতি অনুরাগীদের সব সময় হতাশ করত। বড় পর্দায় আনুশকার ফেরার খবর চাউর হলেও বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আনুশকা বলিউডে ফিরছেন না আপাতত। দক্ষিণের সাড়া জাগানো পরিচালক অ্যাটলির তেলেগু ছবির হাত ধরেই পর্দায় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে তার।

দীর্ঘ বিরতির পর আনুশকা প্রথমবারের মতো ছক ভেঙে কল্পবিজ্ঞান ঘরানার সিনেমায় কাজ করবেন। শোনা যাচ্ছে, বিগ বাজেটের সিনেমাটিতে দীপিকা, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে। চমক হিসেবে জানা যায়, নিজের নায়িকা ইমেজ ভেঙে রাশমিকা এতে খলনায়িকার ভূমিকায় থাকবেন।

আসন্ন কল্পকাহিনি নির্ভর সিনেমায় নায়িকাদের ব্যাপারে জানা গেলেও নায়কের ভূমিকায় কে থাকবেন—তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, পরতে পরতে চমক থাকা সিনেমায় পুষ্পাখ্যাত আল্লু আর্জুনকে একাধিক চরিত্রে দেখা যাবে।

এখনও অ্যাটলি কিংবা আনুশকার কেউই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেননি। আনুশকাকে সিনেমায় দেখার জন্য দর্শক-ভক্তরা উদ্‌গ্রীব। এই তেলেগু সিনেমা দিয়ে যেন লম্বা বিরতির পর প্রিয় নায়িকার কামব্যাক হয়, সে প্রার্থনাই করছেন অনুরাগীরা।