logo

চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ওমর সানী

চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ওমর সানী

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের নির্বাচনি প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। ইতোমধ্যে সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।

নির্বাচন সামনে রেখে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে ঢালিউড অভিনেতা ওমর সানী। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তিনি ভোট দেবেন ধানের শীষ প্রতীকে। আর এতেই শুরু হয় নেটিজেনদের পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড়।

ওই পোস্টে নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী। সেই চ্যালেঞ্জের জবাবে পালটা কটাক্ষের শিকার হন তিনি। নেটিজেনদের একাংশ তার স্ত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত টেনে আনেন। ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি সামনে এনে রীতিমতো সানীকে খোঁচা দিতে শুরু করেন নেটিজেনরা। 

ধানের শীষের ভোট দিতে চেয়ে তীব্র সমালোচনার মুখ পড়েছেন অভিনেতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ভাইরাল মৌসুমীর মনোনয়নপত্র সংগ্রহের বেশ কিছু ছবি ও ভিডিও। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।  

এদিকে সমালোচনার মুখে নীরবতা ভেঙেছেন ওমর সানী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ২টার দিকে একটি ভিডিও শেয়ার করেন তিনি। 

ওই ভিডিওর শুরুতে কিছু ছাই উড়িয়ে সানী বলেন, বাংলাদেশকে একটি দারুণ জায়গা দেখতে চাই। আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই, আগামী ১২ তারিখে সবাই ভোট দিতে যাব। অতীত ভুলে আপনার কাছে যিনি যোগ্য হবেন তাকেই ভোটটি দেবেন। আমার কাছে যে যোগ্য আমি তাকেই ভোটটি দেব।

ভিডিওতে মৌসুমীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে ইঙ্গিত করে ওমর সানী বলেন, আমি একটি দল ও মার্কাকে সমর্থন দিতেই পারি। এ জন্য আপনি আমাকে তিরস্কার করবেন তা কিন্তু নয়। পৃথিবীর বুকে বহু পরিবার আছে যে পরিবারের বাবা একটি দল করেন, মেয়ে অন্য একটি দল করেন। দিনশেষে একসঙ্গে বসবাস করে।

সবশেষে তিনি বলেন, ভোট দেওয়া শেষ করে আমরা আল্লাহর কাছে বলব, ‘হে আল্লাহ, আমাকে এবং আমাদের দেশকে আপনি রক্ষ করুন। যারা আমার কথা শুনছে তাদের ভালো রাখুন।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তিরস্কার করে নিজেকে ছোট করে লাভ নেই। আমাকে গালি দিয়ে আমার পাপের অংশ আপনি নিয়ে যাচ্ছেন।