ফাওয়াদ ও আয়েজার রোমান্স এবার বড় পর্দায়

পাকিস্তানের টেলিভিশনের পর্দা মাতানো জুটি ফাওয়াদ খান ও আয়েজা খান এবার জুটি বাঁধতে চলেছেন বড় পর্দায়। দুই তারকাই আগে আলাদাভাবে সিনেমায় কাজ করেছেন। এবারই প্রথমবারের বড় পর্দায় তারা একসঙ্গে কাজ করবেন। পাকিস্তানি গণমাধ্যমে সিনেমা সংশ্লিষ্টদের ঘোষণাটি ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।
সম্প্রতি পরিচালক নাদিম বেগ ‘লাভ গুরু’ সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। তার ওপরই ফাওয়াদ-আয়েজা জুটিকে দর্শকের কাছে বড় পর্দায় উপস্থাপনের ভার দেওয়া হয়েছে। ব্লকবাস্টার এই নির্মাতা এর আগে আয়েজার সঙ্গে ‘পেয়ারে আফজাল’ এবং ‘মেরে পাস তুম হো’র মতো সুপারহিট নাটক উপহার দিয়েছিলেন। আয়েজার সঙ্গে আগে কাজ করলেও ফাওয়াদ খানের সঙ্গে এটি নির্মাতার নতুন যাত্রা। সূত্র: সিয়াসত ডেইলি
ফাওয়াদ ও আয়েজা বরাবরই পর্দায় তাদের শক্তিশালী উপস্থিতি ও হিট সিনেমার জন্য পরিচিত। ফাওয়াদ ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ও ‘দস্তান’র মতো সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। পাকিস্তানি ফাওয়াদ বলিউডেও নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেন ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো সিনেমায় অভিনয় করে।
অন্যদিকে, ব্লকবাস্টার সিরিয়াল ‘পেয়ারে আফজাল’, ‘মেরে পাস তুম হো’ ও ‘চুপকে চুপকে’ উপহার দিয়েছেন আয়েজা খান।
সিনেমাটির ঘোষণা এলেও এখনো নাম কিংবা কাহিনির বিস্তারিত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি পারিবারিক রোমান্স ড্রামা হতে যাচ্ছে। খুব শিগগির এর শুটিং শুরু হবে। ফাওয়াদের গ্লোবাল ফ্যানবেস এবং আয়েজার আকাশচুম্বী জনপ্রিয়তা মিলিয়ে সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।