ডাকাতের কবলে পরিচালক এমডি ইকবাল

‘নসীব’ সিনেমার লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পড়েছেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল।
বুধবার (৪ নভেম্বর) বগুড়ার শেরপুর এলাকায় র্যাব পরিচয়ে পরিচালকের গাড়ি আটকে ধরে একদল ডাকাত। এ সময় তাদের পায়ের স্যান্ডেল দেখে ইকবালের সন্দেহ হয়। এরপর তাদের ডাকাতির উদ্দেশ্য আঁচ করতে পারেন তিনি। তারপর ইকবালের সঙ্গে শুরু হয় কথা-কাটাকাটি। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকে বহনকৃত গাড়ির চালক স্থান ত্যাগ করতে সক্ষম হয়।
এ বিষয়ে এমডি ইকবাল এশিয়া পোস্টকে বলেন, আমরা ‘নসীব’ সিনেমার লোকেশন খোঁজার উদ্দেশ্যে শেরপুরে যাই। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। তাদের হাতে ছিল লাঠি। সময় তখন বিকেল ৫টা বেজে ৩০ মিনিট হবে। তাদের পোশাক, কথা বলার ধরন ও পায়ের স্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি যে গাড়িটি ডাকাতির উদ্দেশ্যে থামানো হয়েছে। তাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়। সব কিছু বোঝার পর আমরা আর দেরি করি না। দ্রুত গাড়িটি নিয়ে স্থান ত্যাগ করি। আল্লাহর রহমতে আমরা সবাই এখন নিরাপদে আছি।
ইকবালের ‘নসীব’ সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে একঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি এই সিনেমায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেস ঋষি।