বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর: আয়ুষ্মান খুরানা

প্রেমের নামে সঙ্গীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অতিরিক্ত সন্দেহ কিংবা অধিকারবোধকে অনেক সময় রোমান্টিকতার মোড়কে পর্দায় তুলে ধরা হয়। বিশেষ করে বলিউডের বেশকিছু প্রেমের গল্পে এমন আচরণকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখানোর প্রবণতা রয়েছে। তবে এ ধরনের উপস্থাপনার সঙ্গে একমত নন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয়, বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’র প্রচারে গিয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
আয়ুষ্মানের মতে, সব ধরনের সিনেমারই আলাদা দর্শক রয়েছে। তাই কোনো নির্দিষ্ট ধরনের গল্প নির্মাণ বা উপস্থাপনার বিরোধিতা করেন না তিনি। তবে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানোর বিষয়টি তার ব্যক্তিগত পছন্দ নয়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, যে কোনো ধরনের বিষাক্ত ভালোবাসাই সমস্যাজনক। আমার মনে হয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্যই প্রতিটি ধরনের সিনেমার জন্য আলাদা দর্শক রয়েছেন।
পর্দায় নেতিবাচক সম্পর্কের গল্প তুলে ধরার ক্ষেত্রে নির্মাতাদের দায়িত্বশীল হওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন আয়ুষ্মান। তার বিশ্বাস, কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে সেটিকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করা উচিত নয়। বরং দর্শকের কাছে চরিত্রটির নেতিবাচক দিক স্পষ্ট হওয়া প্রয়োজন।
অভিনেতার ভাষ্য, একজন শিল্পী হিসেবে তিনি মনে করেন, সিনেমার বার্তা সঠিক হওয়া জরুরি। কোনো চরিত্র নেতিবাচক আচরণ করলে তাকে নেতিবাচক হিসেবেই চিহ্নিত করতে হবে। তবে অন্য অভিনেতারা এ ধরনের গল্পে কাজ করতে চাইলে তাদের সিদ্ধান্তকেও সম্মান করেন তিনি।
শুধু সম্পর্কের গল্পের উপস্থাপনাই নয়, সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও নিজের চিন্তাভাবনা ও বিশ্বাসকে গুরুত্ব দেন আয়ুষ্মান। তার কাছে কোনো সিনেমা বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনার চেয়ে গল্পের সঙ্গে নিজের মানসিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ।
এমনকি কোনো চিত্রনাট্য ভবিষ্যতে ব্যবসাসফল হতে পারে বলে মনে হলেও সেটি নিজের পছন্দ ও বিশ্বাসের সঙ্গে না মিললে ফিরিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। অতীতেও এমন কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। তার মতে, যে গল্পে কাজ করবেন, সেটির সঙ্গে নিজের মৌলিক চিন্তাভাবনার মিল থাকা প্রয়োজন।
এদিকে পরিচালক সূরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা ও শারভারি বাঘ। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এই ছবির মধ্য দিয়ে পরিচালক সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ হয়েছে বলে জানিয়েছেন আয়ুষ্মান।
সূত্র: ইন্ডিয়া টুডে।
