ইনস্টাগ্রামেও মুখ দেখাদেখি বন্ধ মৌনি ও সুরজের

বলিউডের গ্ল্যামার ভুবনে প্রেম-বিয়ে-বিচ্ছেদ যেন এক মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবারও বলিউডে বিবাহবিচ্ছেদের জল্পনা দেখা দিয়েছে। এবার খবরের শিরোনামে সুখী দম্পতি হিসেবে নজর কাড়া বলিউড অভিনেত্রী মৌনি রায় ও সুরজ নাম্বিয়া। ইনস্টাগ্রামে তারা একে অন্যকে আনফলো করে বিচ্ছেদের সেই গুঞ্জনকে আরও জোরালো করলেন।
তিন বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে গোয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মৌনি রায় ও সুরজ নাম্বিয়া বিয়ে করেন। চার বছরেরও বেশি সময় আদর্শ দম্পতি হিসেবে সবাই ধারণা করলেও সেই ধারণা ভুল প্রমাণ হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তাদের সাংসারিক নানা টানাপোড়েন মিডিয়ায় উঠে আসে। ইনস্টাগ্রামে মুখ দেখাদেখি বন্ধ হলে বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। যদিও তাদের কেউই এ বিষয়ে এখনও চুপ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, মৌনি রায় নিজে প্রোফাইল থেকে শুধু আনফলোই করেননি, স্বামীর সব ছবিও নিশ্চিহ্ন করে দেন। একসময় প্রোফাইলজুড়ে থাকা সুরজের ছবিগুলো না দেখায় নেটিজেনরা নিশ্চিত, তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
দুবাইয়ের ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ার সঙ্গে অভিনেত্রী ও উদ্যোক্তা মৌনি রায়ের পরিচয় হয় দুবাইয়ে থার্টি ফার্স্ট উৎসবে। সেখান থেকেই বন্ধুত্বের পর সম্পর্ক গড়ায় প্রেমে। এরপর গোয়ায় মৌনী ও সুরজের বিয়ে মালায়ালি ও বাঙালি উভয় ঐতিহ্য অনুসরণ করে সম্পন্ন হয়েছিল।
আগে মৌনি ও সুরজ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনের টুকরো ছবি দিয়ে ভক্তদের আনন্দ দিতেন। সব ছবি সরানো হলেও মৌনির প্রোফাইলে এখনও তার বিয়ের কয়েকটি ছবি শোভা পাচ্ছে। তাদের মধ্যে বিচ্ছেদের এই গুঞ্জনের খবরে অনেক ভক্ত সামাজিকমাধ্যমে হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন।