logo

ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠাননি শাহরুখ খান

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠাননি শাহরুখ খান
শাহরুখ খান। ছবি: ইন্সটাগ্রাম থেকে

বলিউড তারকা শাহরুখ খান, শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি নিয়ে মন্তব্য করায় ইনফ্লুয়েন্সার সুভিগ্য শর্মাকে শাহরুখ খানের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছে শাহরুখের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুভিগ্য শর্মার কাছে শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি। এমনকি এ ধরনের কোনো নোটিশ জারির জন্য অভিনেতা তাদের কিংবা অন্য কোনো আইনজীবীকে নির্দেশও দেননি।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এর আগে ২৩ নভেম্বর তারিখ উল্লেখ করা একটি কথিত আইনি নোটিশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েকটি সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিবৃতিতে আইনজীবী প্রতিষ্ঠানটি জানায়, শাহরুখ খান ওই নোটিশ জারি করেননি এবং তার পক্ষ থেকেও এটি পাঠানো হয়নি। এ ধরনের কোনো আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

একই সঙ্গে শাহরুখ খানের নাম ব্যবহার করে কোনো নথি বা তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। যেসব মাধ্যমে কথিত নোটিশটির সঙ্গে অভিনেতার সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে, সেগুলো দ্রুত সংশোধন অথবা সরিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আলোচনার সূত্রপাত সম্প্রতি অনুষ্ঠিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর একটি ভিডিও ঘিরে। অনুষ্ঠানের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইনফ্লুয়েন্সার সুভিগ্য শর্মা। সেখানে অনন্ত আম্বানি ও সদগুরুর কথোপকথনের পাশাপাশি অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখ খানের আলাদা একটি মুহূর্ত দেখা যায়।

ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথোপকথনের কোনো শব্দ শোনা যায়নি। তবে দৃশ্যটি দেখে সুভিগ্য ধারণা করেন, অনন্ত আম্বানি হয়তো শাহরুখ খানকে চুপ থাকতে বলছেন। নিজের এই ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

এরপর সুভিগ্য দাবি করেন, তার ওই মন্তব্যের জেরে শাহরুখ খানের আইনজীবী প্রতিষ্ঠান তাকে আইনি নোটিশ পাঠিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত নোটিশে ভারতের ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৬ ধারা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিওটি সরিয়ে নেওয়া এবং লিখিতভাবে নির্দিষ্ট শর্ত মেনে নেওয়ার কথা বলা হয়।

তবে সুভিগ্য নিজের মন্তব্যকে সমালোচনামূলক অভিমত হিসেবে উল্লেখ করে মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের কথাও তুলে ধরেন।

এতদিন পর বিষয়টি নিয়ে শাহরুখ খানের আইনজীবী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট হলো, আলোচিত নোটিশটির সঙ্গে অভিনেতা কিংবা তার অনুমোদিত আইনজীবীদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।