‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ৭৫ বছর বয়সেও দাপটের সঙ্গে সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে ‘জেলার’ দিয়ে বক্স অফিসে সাড়া ফেলার পর এবার আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি- ‘জেলার ২’। আর এই সিক্যুয়েলেই প্রথমবার একই সিনেমায় দেখা যাবে রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যা বালানের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। এতে ‘কান্থা’ চরিত্রে দেখা গেছে তাকে।
প্রকাশিত ঝলকে নীল শাড়ি ও কালো ব্লাউজে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায় বিদ্যাকে। হাতে জ্বলন্ত সিগারেট, চোখেমুখে দৃঢ় অভিব্যক্তি। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ার দৃশ্যেও দেখা যায় তাকে। অল্প সময়ের এই ঝলকেই চরিত্রটির উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
তবে ‘কান্থা’ চরিত্রটি সিনেমার গল্পে ঠিক কী ভূমিকা রাখবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি নির্মাতা পক্ষ। এর আগে ‘জেলার ২’-এ এস জে সুরিয়াকে ‘বোধি কালপাক’ এবং মালয়ালম অভিনেতা সুরাজ ভেঞ্জারামুডুকে ‘দিলীপ’ চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে রজনীকান্ত ফিরছেন ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে। প্রথম কিস্তির রাম্যা কৃষ্ণান ও যোগী বাবুসহ বেশ কয়েকজন অভিনেতাও থাকছেন নতুন পর্বে। পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন বিদ্যা বালান, এস জে সুরিয়া, সুরাজ ভেঞ্জারামুডুসহ আরও অনেকে।
‘জেলার ২’ প্রযোজনা করছে সান পিকচার্স। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস