বিদেশের মাটিতে মুখোমুখি বরিশালের দুই তারকা

বাংলা টিভি নাটকের জনপ্রিয় মুখ তানিয়া আহমেদ। নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমা ও ওটিটিতে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিন দশক ধরে দর্শক মুগ্ধ করে রেখেছেন তিনি। পরিচালনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা।
অন্যদিকে, চলচ্চিত্রের জনপ্রিয় নাম জায়েদ খান। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও শিল্পীদের নেতা হিসেবে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।
এই দুই তারকার কমন একটি বিষয় হলো দুজনই বরিশালের মানুষ। তানিয়া জন্মেছেন পটুয়াখালীতে। আর জায়েদ খান পিরোজপুরের ছেলে। বরিশালের জনপ্রিয় দুই তারকা মুখোমুখি হলেন সাত সাগর আর তেরো নদীর ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রে।
‘সেলিব্রিটি টকশো - ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের প্রথম সিজনের ১২টি পর্ব করছেন জায়েদ খান। দর্শকপ্রিয় এই শোটি অল্প সময়েই অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় রেকর্ড হয়েছে শোটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড। যেখানে এবার জায়েদ খানের উপস্থাপনায় অতিথি হয়েছেন তানিয়া আহমেদ।
শোতে উপস্থাপক জায়েদ খানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় তানিয়া আহমেদ শেয়ার করেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজের গল্প এবং নানা অজানা মুহূর্ত। জমজমাট কথোপকথন, খোলামেলা আলোচনা আর তারকাখচিত উপস্থিতিতে পর্বটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।
জানা গেছে, পর্বটি শুক্রবার (৩০ জানুয়ারি) লাইভ সম্প্রচারিত হবে ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেজে।