জন্মদিনে ‘পেদ্দি পহেলওয়ান’-এর ঝলক দেখালেন রামচরণ

বড় পর্দায় খেলাধুলা বা শারীরিক কসরত বিষয়ক সিনেমা বরাবরই দর্শকনন্দিত ও পছন্দের শীর্ষে থাকে। ভারতীয় ইন্ডাস্ট্রিতে এ ধরনের বেশ কিছু সিনেমা বক্স অফিসে চূড়ান্ত সাফল্য অর্জন করে। আমির খানের ‘দঙ্গল’ ভারতীয় সিনেমার সর্বকালের ব্যবসাসফল তালিকার শীর্ষে। এবার দক্ষিণী সুপারস্টার রামচরণ তার আসন্ন সিনেমা ‘পেদ্দি পহেলওয়ান’-এর টিজারে দেখালেন নিজের কুস্তির দক্ষতা।
সুপারস্টার রামচরণ আজ (২৭ মার্চ) তার ৪০তম জন্মদিন উদযাপন করবেন। এ উপলক্ষে ‘পেদ্দি’-র নির্মাতারা ভক্তদের জন্য উপহার হিসেবে সিনেমাটির একটি আকর্ষণীয় টিজার প্রকাশ করেছেন। এতে রামচরণ কুস্তির দক্ষতার পাশাপাশি সুঠাম দেহ প্রদর্শন করেছেন, যা তার চরিত্রের একটি উত্তেজনাপূর্ণ আভাস দিয়েছে।
‘পেদ্দি’-র টিজারটি শুরু হয় রামচরণের চরিত্রের স্মৃতিচারণের মধ্য দিয়ে। তিনি কুস্তিকে একটি মারাত্মক খেলা হিসেবে বর্ণনা করেন। এরপর তাকে দেখা যায় প্রতিপক্ষের সঙ্গে কুস্তির লড়াইয়ে। টিজারে রামচরণকে একটি গদা হাতে নিয়ে ঘোষণা করতেও দেখা যায়, ‘আমার গর্ব আমার খেলায়।’
টিজার দেখে উচ্ছ্বসিত এক ভক্ত লিখেছেন, ‘রামচরণ আন্নার পেশিবহুল শরীরের পরিবর্তন, উফফ আগুন!’ আরেকজনের মন্তব্য—‘আসছে আরেকটি মাস্টারপিস।’ অনেক ভক্ত তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। সূত্র: নিউজ এইটিন
বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ আশির দশকের অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। সিনেমাটির গল্প একজন গ্রামবাসীকে কেন্দ্র করে, যিনি খেলাধুলার মাধ্যমে তার সম্প্রদায়কে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রিত করেন। রামচরণ ছাড়াও এতে জাহ্নবী কাপুর ও শিবরাজকুমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।