এপ্রিলে নর্থ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’

নির্মাতা তানিম নূর গল্প নির্বাচন ও নির্মাণে ভীষণ ধৈর্যশীল। একটি কাজের পেছনে বছরের পর বছর সময় ব্যয় করলেও তাড়াহুড়ো তার স্বভাব নয়। কচ্ছপ গতিতে এগোনো এই নির্মাতার বিশ্বাস—গন্তব্যে পৌঁছালেই আসল চমক পাবে দর্শক।
গত বছর পবিত্র ঈদুল আজহায় তেমনই এক চমৎকার কাজ উপহার দেন তিনি। ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘উৎসব’ ছিল সে সময় দর্শকপ্রিয়তার তালিকায়।
এবার তানিম নূর আসছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে, যা নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।
এই সিনেমা ঘিরে নির্মাতার সঙ্গে এশিয়া পোস্টের আড্ডা হয়। তানিম নূর নিজের সিনেমার বর্তমান অবস্থা নিয়ে বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং পর্ব এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেশের বিভিন্ন জেলায় এর চিত্র ধারণের কাজ করেছি। বিএফডিসিতেও হয়েছে এর শুটিং। এখন চলেছে মুক্তির প্রস্ততি।
এরপর সিনেমাটি মুক্তি নিয়ে নির্মাতা বলেন, ‘সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর এপ্রিলে নর্থ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
একঝাঁক তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তানিম বলেন, ‘আমি গল্প ও আর্টিস্টনির্ভর সিনেমা বানাই। উৎসবের পর বনলতা এক্সপ্রেসেও মাল্টি কাস্টিং আছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলাসহ আরও অনেকেই এই সিনেমায় আছেন। যাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। এমন একটি টিম নিয়ে কাজ করতে পারা আসলেই আনন্দের।’
অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে আলাদা করে তানিম বলেন, ‘সাবি অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী। কাজের সময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন। অভিনয়ে আমি তার উজ্জল ভবিষ্যৎ দেখি। এ ছাড়া বাকি সবাইকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ, সবাই প্রতিষ্ঠিত আর্টিস্ট।’
নির্মাতার এবারের সিনেমাতেও দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ডের গান থাকবে। এ ছাড়া চমক হিসেবে একজন কিংবদন্তি ব্যান্ড শিল্পীর গানও রাখা হবে বলে জানান এই নির্মাতা।