৪০০ কোটির সিনেমা ‘কিং’, মুক্তির আগেই আয় ৬৬৫ কোটি রুপি

বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। সিনেমাটিতে প্রথমবারের মতো বাবার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। কয়েক মাস আগে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর শাহরুখের নতুন লুক ও অ্যাকশন দৃশ্য নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। এবার সিনেমাটির আগাম আয়ের হিসাব সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে এটি।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির ‘তু মিল যায়ে’ শিরোনামের গান। শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের রসায়নের পাশাপাশি গানের দৃশ্যায়নে থাকা অ্যাকশনও দর্শকের নজর কেড়েছে। প্রকাশের প্রথম দিনেই গানটি দেখেছেন প্রায় ৩ কোটি ৯৫ লাখ দর্শক। সব মিলিয়ে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে আলোচনার কেন্দ্রে এখন সিনেমাটির ব্যবসায়িক সাফল্য। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ৬৬৫ কোটি রুপি আয় করেছে ‘কিং’। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সিনেমাটির নির্মাণ ব্যয় ও আগাম আয়ের বিস্তারিত হিসাব।
প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স যৌথভাবে নির্মাণ করছে সিনেমাটি। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল ২০০ কোটি রুপি। তবে শুটিং ও নির্মাণকাজ এগোনোর সঙ্গে সঙ্গে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে।
এই ৪০০ কোটি রুপির মধ্যে শাহরুখ খানের অভিনয়ের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পারিশ্রমিক রয়েছে। শাহরুখের সম্ভাব্য পারিশ্রমিক যোগ করলে সিনেমাটির মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৫০০ কোটি রুপি। এর বাইরে প্রিন্ট ও বিজ্ঞাপনসহ মুক্তির প্রচারে আরও প্রায় ৪০ কোটি রুপি ব্যয়ের হিসাব রয়েছে।
এ হিসাবে ‘কিং’ বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এর আগে রয়েছে ‘রামায়ণ’ সিরিজের সিনেমাগুলো, যেগুলোর প্রতিটির নির্মাণ বাজেট এক হাজার কোটি রুপির বেশি বলে জানা গেছে।
এত বড় বাজেটের সিনেমা হওয়ায় স্বত্ব বিক্রির ক্ষেত্রেও বড় অঙ্কের চুক্তি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি থেকে ১৭৫ কোটি রুপির ন্যূনতম নিশ্চয়তা পেয়েছে ‘কিং’। ভারতীয় সিনেমার ইতিহাসে বিদেশি বাজারে এটিই সর্বোচ্চ অঙ্কের ন্যূনতম নিশ্চয়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব ২৫০ কোটি রুপির বিনিময়ে কিনেছে পেন মারুধর। ফলে শুধু দেশি ও বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি থেকেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪২৫ কোটি রুপি।
প্রেক্ষাগৃহের বাইরের বাজারেও পিছিয়ে নেই ‘কিং’। সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। এ চুক্তির প্রাথমিক মূল্য ১৫০ কোটি রুপি। তবে চুক্তিতে সিনেমাটির প্রেক্ষাগৃহের ব্যবসার সঙ্গে আয়ের অঙ্ক বাড়া-কমার শর্ত রয়েছে। অর্থাৎ, মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করলে ডিজিটাল স্বত্ব থেকে আয় আরও বাড়তে পারে।
এ ছাড়া সিনেমাটির সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে। টেলিভিশনে প্রচারের স্বত্ব বিক্রি থেকে এসেছে আরও ২৫ কোটি রুপি।
সব মিলিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব, ডিজিটাল, সংগীত ও টেলিভিশন স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই ‘কিং’-এর আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। যদিও এসব হিসাব বিভিন্ন বাণিজ্যিক সূত্রের দেওয়া তথ্য ও অনুমাননির্ভর। চুক্তির চূড়ান্ত হিসাব অনুযায়ী অঙ্কে পরিবর্তন আসতে পারে। তাই এই আয়কে সরাসরি সিনেমাটির মুনাফা হিসেবে দেখার সুযোগ নেই।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, খরাজ মুখার্জি ও অক্ষয় ওবেরয়। বিশেষ একটি চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে কারিনা কাপুর খানেরও। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: পিঙ্কভিলা।