ঘরে ফিরতে উন্মুখ প্রিয়াঙ্কা

ছয় বছরের বেশি সময় পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ‘বারাণসী’র পর ‘ডন-৩’ সিনেমায় নাম লিখিয়েছিলেন আগেই। এবার আরেক চমক নিয়ে হাজির হলেন ‘দেশি গার্ল’। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে প্রিয়ার ভূমিকাতেই দেখা যাবে তাকে।
প্রায় একই সময়ে তিনটি বড় বাজেটের সিনেমা। অর্থাৎ আগামী দিনগুলো বলিউডে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটবে প্রিয়াঙ্কার। সবকটি সিনেমা ২০২৭ সালে মুক্তি পাবে বড় পর্দায়। ‘বারাণসী’র শুটিং শেষ হলেই ‘কৃষ-৪’ নিয়ে প্রস্তুতি শুরু করবেন ‘দেশি গার্ল’। এ সিনেমার হাত ধরে পরিচালকের খাতায় নাম লেখাবেন হৃতিক রোশন। তার প্রথম পরিচালিত ছবিতে প্রিয়াঙ্কার কাজ করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনুরাগীরা।
প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা এসএস রাজামৌলির ‘বারাণসী’র টিজার গত বছরের শেষ দিকে মুক্তির পরপরই শোরগোল ফেলে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম বর্তমান সূত্রে জানা যায়, মহেশ বাবু, পৃথ্বিরাজের সঙ্গে জুটি বেঁধে মান্দাকিনী চরিত্রটি নিয়ে প্রিয়াঙ্কা হাজির হবেন প্যান-ইন্ডিয়ান মুভি ‘বারাণসী’তে। সিনেমাটি এখনো নির্মাণ চলছে, তবে এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স স্ট্রিমিং রাইটস কিনে নিয়েছে ৯০০ কোটি টাকায়।
ভারতের সবচেয়ে বড় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর সব সিনেমাই ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ২০০৩ সালে ‘কোই মিল গয়া’ দিয়ে শুরু। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ এবং ২০১৩ সালে ‘কৃষ ৩’ মুক্তি পায়। ‘কৃষ ৪’ ছবিও যে সুপার-ডুপার হিট হবে, সেটা নিশ্চিত। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম পরিচালক হিসেবে দেখা যাবে হৃতিককে। একই সঙ্গে রাকেশের সঙ্গে প্রযোজক হিসেবে জুটি বাঁধছে যশরাজ ফিল্মস।
‘কৃষ ৪’-এ চুক্তিবদ্ধ হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা জানান, তিনি আবার ভারতীয় সিনেমায় নাচতে এবং কাজ করতে মুখিয়ে আছেন।
ইন্ডাস্ট্রির কুটিল রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে বলিউড থেকে নিজেকে সরিয়ে রাখেন প্রিয়াঙ্কা। অনেক দিন ধরেই তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে ব্যাকুল ছিলেন। তাই তার এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।