কিম কার্দাশিয়ানের প্রযোজনায় রিয়েলিটি সিরিজ ‘টিম মমস’

হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের প্রযোজনায় আসছে নতুন রিয়েলিটি সিরিজ ‘টিম মমস’। প্রতিযোগিতামূলক যুব বেসবল পরিবার নিয়ে এই শোটি নির্মাণ করছে প্যারামাউন্ট প্লাস। চলতি বছরের শেষের দিকে এর প্রিমিয়ার হবে বলে জানা গেছে।
মাধ্যমিকের বাচ্চাদের জন্য একটি নিবিড় বেসবল প্রস্তুতি স্কুল ‘লেজেন্ডারি প্রেপ একাডেমি’। ‘টিম মমস’ দর্শকদের অ্যারিজোনার স্কটসডেলে অবস্থিত সেই একাডেমির এক অভূতপূর্ব জগতে নিয়ে যাবে। স্কুলটি ডিভিশন ১ কলেজ স্কলারশিপ, এনআইএল ডিল এবং অবশেষে এমএলবি-তে খ্যাতি অর্জনের পথ তৈরি করে দেয়।
‘টিম মমস’ প্রযোজনা করেছে যৌথভাবে আইটিভি আমেরিকা, কিম কার্দাশিয়ান প্রোডাকশনস এবং প্যারামাউন্ট স্পোর্টস এন্টারটেইনমেন্ট। এর আগে এই সিরিজটির নির্বাহী প্রযোজক নাটালি এন্টোও রায়ান মারফির আইনি নাটক ‘অল'স ফেয়ার’ এবং তার রিয়েলিটি প্রোগ্রাম ‘দ্য কার্দাশিয়ানস’ করে সুনাম কুড়িয়েছেন।
এই শোটিতে আমেরিকার সবচেয়ে প্রিয় খেলা বেসবলে সন্তানদের সেরা করে তোলার জন্য অভিভাবকদের প্রাণান্ত চেষ্টা দেখা যাবে। অভিভাবকদের প্রবল উৎসাহ আর প্রচেষ্টায় তাদের সন্তানরা খেলাটির শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়।
সিনেমা এক্সপ্রেসের সূত্র মতে, কার্দাশিয়ান নেটফ্লিক্সে কমেডি সিনেমা ‘দ্য ফিফথ হুইল’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। এ ছাড়া ‘ক্যালাবাসাস বিহাইন্ড দ্য গেটস’ নামক টিভি প্রজেক্ট নিয়েও কাজ করছেন তিনি।