logo

ইমরান হাশমির বিপরীতে দিশা পাটানি

ইমরান হাশমির বিপরীতে দিশা পাটানি

একাকিত্ব, ভবঘুরেপনা ও উদাসীনতা দূর করার মন্ত্র নিয়ে আবারও পর্দায় হাজির হচ্ছেন এক সময়ের বলিউডের লাভার বয় ইমরান হাশমি। নীতিন কক্কর পরিচালিত কাল্ট ক্ল্যাসিক অ্যাকশন-রোমান্স ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেপর্দায় রোমান্সের নস্টালজিয়া ফিরিয়ে আনতে ইমরান হাশমির সঙ্গী হচ্ছেন দিশা পাটানি। আগামী ১৪ আগস্ট অ্যাকশন ড্রামাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘আওয়ারাপান’ সিনেমাটি ২০০৭ সালের মুক্তির পর ইমরান হাশমির ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে ওঠে। দর্শকদের মধ্যে এখনও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। সেই নস্টালজিয়া নিয়ে ফিরছে সিক্যুয়েলটি। ইমরান হাশমি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে রিলিজ ডেট কনফার্ম করেছেন।

সেই আগের মতো মূল চরিত্র শিবমের ভূমিকায় ফিরছেন ইমরান হাশমি। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। এ ছাড়া শাবানা আজমিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বেশ কয়েকজন তারকা। বিলাল সিদ্দিকীর চিত্রনাট্যে সিনেমাটির প্রযোজনায় রয়েছে ভিশেশ ফিল্মস।

বলিউড হাঙ্গামা ও টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, মুক্তির তারিখ নির্ধারণ হলেও প্রোডাকশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সামান্য কিছু অংশের শুটিং বাকি, সেই অংশের কাজ এ সপ্তাহেই শেষ হয়ে যাবে। এরপর অন্যান্য পোস্ট-প্রোডাকশন দ্রুত শেষ করে সিনেমাটি আগস্টে মুক্তির জন্য প্রস্তুত করা হবে।

শিবমের ভূমিকায় আওয়ারাপানের সেই নস্টালজিয়া কতটুকু ফেরাতে পারবেন ইমরান হাশমি, তা দেখা যাবে মুক্তির পরই। দর্শকরা এখন অপেক্ষায় শিবমের ডার্ক লাভ স্টোরির নুতন রূপ দেখার।