নিজ বাংলোয় সেলুন ও স্পা খুলে বিপাকে অজয় দেবগন

বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলো ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। সেখানে সেলুন ও স্পা চালুর জন্য চলমান কাজ বন্ধ রাখতে ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। স্থানীয় আবাসিক সমিতির অভিযোগের পর বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের।
জানা যায়, জুহুর কাপোল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত অজয় দেবগনের সম্পত্তিটি সেলুন ও স্পার জন্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে আপত্তি জানিয়ে বিএমসির কাছে অভিযোগ করে আবাসিক সমিতি। এরপর সংশ্লিষ্ট সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনসহ প্রয়োজনীয় নথিপত্র চায় বিএমসির কেওয়েস্ট ওয়ার্ড।
পৌর কর্তৃপক্ষের দাবি, ওই সময় প্রয়োজনীয় অনুমতিপত্র উপস্থাপন করা হয়নি। এরপরই সম্পত্তিতে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় করপোরেটর সুধা সিং জানান, বিষয়টি বিএমসির বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি বিভাগের আওতাধীন এবং প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি।
এদিকে নোটিশের জবাব দিতে চার সপ্তাহ সময় চেয়েছে দেবগন পরিবার। তাদের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, প্রস্তাবিত ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র নেওয়া হয়েছে।
এই ঘটনায় মূল আপত্তি সম্পত্তিটি ভাড়া দেওয়াকে ঘিরে নয়, বরং সেখানে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে কি না, তা নিয়েই। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সেলুন ও স্পা চালু হলে এলাকায় মানুষের যাতায়াত বাড়বে। এর ফলে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের পাশাপাশি সরু অভ্যন্তরীণ সড়কে যান চলাচলেও চাপ তৈরি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগনের ওই বাংলোর আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট। সম্পত্তিটির প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারকে কেন্দ্র করে এখন বিএমসি ও আবাসিক সমিতির সঙ্গে দেবগন পরিবারের নথিপত্র ও অনুমোদনসংক্রান্ত বিষয়টি আলোচনায় রয়েছে।
এর আগে, পান মসলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফের অংশগ্রহণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই আলোচনার পর এবার নিজের সম্পত্তির বাণিজ্যিক ব্যবহার নিয়ে বিএমসির নোটিশের কারণে নতুন করে খবরের শিরোনামে এলেন অজয় দেবগন।
সূত্র: ইন্ডিয়া টুডে