সপরিবারে সিনেমা দেখার পরিবেশ দাবি কঙ্গনার

অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির ভাইরাল হওয়া অশালীন গান নিয়ে উষ্মা প্রকাশ করলেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি নিয়ে সৃষ্ট বিতর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তার চাওয়া, দর্শকরা যেন পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারেন। এ জন্য কঠোর পদক্ষেপের দাবি জানান বলি-কুইন কঙ্গনা।
হিন্দি চলচ্চিত্র জগৎকে সস্তা জনসংযোগ কৌশল ও মনোযোগ আকর্ষণের জন্য নীচু মানসিকতা বলে অভিযুক্ত করেন কঙ্গনা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বলিউড সস্তা জনসংযোগ কৌশল এবং মনোযোগ আকর্ষণের জন্য সব সীমা অতিক্রম করেছে। সারা দেশ তাদের সমালোচনা করছে। কিন্তু আমার মনে হয় না তাদের কোনো লজ্জা আছে। কারণ আমরা ছোটবেলা থেকেই এ ধরনের গান শুনে আসছি।’ সূত্র: সিয়াসাত ডেইলি
অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা রানাউত হিন্দি সিনেমার ওপর কিছু বিধিনিষেধ আরোপের আহ্বান জানান, যেন দর্শকরা পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারেন। তার মতে, বলিউডকে সীমাবদ্ধ করা উচিত। আরও কঠোর হওয়া উচিত।’
নোরা ফাতেহিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কটি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনার তেরি সরকে’ গানটিকে কেন্দ্র করে। অশ্লীল কথা ও ইঙ্গিতপূর্ণ কোরিওগ্রাফির জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে গানটি। চাপের মুখে নির্মাতারা ইউটিউব থেকে গানটি সরিয়ে নিয়েছেন।
কঙ্গনা রানাউত তার সুনিপুণ অভিনয়শৈলীর মাধ্যমে বলিউডে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। হিমাচলের ছোট্ট শহর ভাম্বলায় জন্ম নেওয়া কঙ্গনা রানাউত মিডিয়ায় সরাসরি মতপ্রকাশের জন্য সাধারণের কাছে সমাদৃত।