logo
Advertisement

এমন জীবন কখনও কাটাইনি: তমা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
এমন জীবন কখনও কাটাইনি: তমা
চিত্রনায়িকা তমা মির্জা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়িকা তমা মির্জার কর্মজীবনের স্বাধীনতা এখন অনেকটাই বাক্সবন্দি হয়ে গেছে। করপোরেট জগতে প্রবেশ করায় এখন রাত জাগা কম হয়, সকাল হতেই ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশে রওনা দিতে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস’ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে যোগ দিয়েছেন তিনি।

জীবনের নতুন এই অভিজ্ঞতা নিয়ে এশিয়া পোস্টের বিনোদনমূলক অনুষ্ঠান ‘এপি গ্ল্যামার’-এ এসে তমা মির্জা বলেন, ‘এমন জীবন আমি আগে কখনও কাটাইনি। আগে শুটিং করতাম, আড্ডা দিতাম, রাত জেগে সিনেমা দেখতাম। এখন আমাকে রাত ১২টার পরে আর ফোন করে কেউ পাবে না। কারণ দ্রুত ঘুমিয়ে যেতে হয়, যাতে সকালে উঠে ব্যাংকে যেতে পারি। এখন বুঝতে পারছি, যারা চাকরি করেন তাদের জন্য সাপ্তাহিক ছুটি কতটা আনন্দের।’

ব্যাংকের কাজের কারণে অভিনয় কমিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয় ছেড়ে আমি কীভাবে থাকব? এটি তো আমার প্রথম পরিচয়। ছোটখাটো কাজগুলো ছুটির দিনেই সেরে ফেলি, আর বড় কোনো প্রজেক্ট এলে তা নিয়ে আলাদা পরিকল্পনা করব।’

তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। বর্তমানে ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।