অ্যাকশনে অপ্রতিদ্বন্দ্বী শার্লিজ থেরন

অ্যাকশন সিনেমায় প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত অভিনেত্রী শার্লিজ থেরন। মারদাঙ্গা চরিত্রে অসাধারণ অভিনয় তাকে করে তুলেছে অন্যদের চেয়ে আলাদা। এ মুহূর্তে হলিউডে অনন্য অ্যাকশনের জন্য সমাদৃত শার্লিজ। তার অ্যাকশন দৃশ্যগুলো মোহনীয় আবেশ তৈরি করে।
বাস্তব জীবনের সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার পান। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ও ‘অ্যাটমিক ব্লন্ড’-এর বিভিন্ন অ্যাকশন তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। দুর্দান্ত অভিনয়ে শার্লিজ নিজেকে সিনেমায় অনন্য উচ্চতায় নিয়ে গেলেও নারী ও পুরুষের মধ্যে অ্যাকশনে ভিন্নতা রয়েছে বলেই তার মত।
সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ'-তে শার্লিজ থেরন সম্প্রতি সিনেমায় অ্যাকশন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানে তার সরল স্বীকারোক্তি, ‘নারীরা পুরুষদের মতো লড়াই করতে পারে না।’ ভূগর্ভস্থ পার্কিং লট কিংবা গভীর জঙ্গলের শুটিংগুলোতে নারীদের কিছু ভীতি কাজ করে বলে জানান।
জড়তা ও ভীতি থাকলেও নারীরাও পরিপূর্ণ অ্যাকশন করতে সক্ষম বলেই শার্লিজ থেরনের ধারণা। নারীর মানসিকতাই ভিন্ন বলে দাবি করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বেনোনির কাছে একটি খামারে বড় হয়েছেন। সেখানে অনেক প্রতিবন্ধকতার সঙ্গেই তাকে লড়াই করতে হয়েছে। সে অভিজ্ঞতাই তাকে অ্যাকশন ও ড্রামা উভয় ক্ষেত্রেই আত্মবিশ্বাসী করে তুলেছে।
কখনোই পুরুষ সহকর্মীদের 'ছাড়িয়ে যাওয়ার' মানসিকতা নিয়ে কাজ করেন না শার্লিজ। তিনি বরাবরই বাস্তবসম্মত স্টান্ট ও বিশ্বাসযোগ্যতার ওপর মনোযোগ দেন।
সম্প্রতি অ্যাকশনধর্মী সিনেমা 'দ্য ওল্ড গার্ড ২'-এ শার্লিজ থেরনের অভিনয় নজর কেড়েছে। শিগগির মুক্তি পেতে যাচ্চে 'দ্য ওডিসি'। ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’-তে অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়েসহ অনেকে।