logo

ঈদের জন্য প্রস্তুত হচ্ছে ‘যাত্রা বিরতি’

ঈদের জন্য প্রস্তুত হচ্ছে ‘যাত্রা বিরতি’
ঈদের জন্য প্রস্তুত হচ্ছে ‘যাত্রা বিরতি’। ছবি: চরকি

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না ও পারিবারিক ভ্রমণের নানান ঘটন-অঘটন নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘যাত্রা বিরতি’। চরকি প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘লাইফলাইন’ নির্মাণের পর এটিই হতে যাচ্ছে কাজী আসাদের প্রথম প্রেক্ষাগৃহের সিনেমা। ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

এরই মধ্যে কুয়াকাটায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। ছবিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে ৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানকে। এই বয়সেও শুটিংয়ের উছিলায় ভ্রমণ ও তরুণদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর লোভে তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন।

Advertisement

নির্মাতা কাজী আসাদ বলেন, ’উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’ এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও সুমাইয়া শিমু।

এ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে সহশিল্পীরাও ভূমিকা রেখেছেন বলে জানান এ অভিনেত্রী। শিমু বলেন, ’স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।’

সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বাঁধা নিয়ে মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন ও রুদ্র রয়। ছোটবেলায় দিলারা জামান ও শিমুর সঙ্গে কাজ করলেও এবারই প্রথম মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন দীঘি, যা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ও কিছুটা নার্ভাস। দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীরের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।