Advertisement

আমিশার জন্মদিনে ফের গুঞ্জন উসকে দিলেন পাকিস্তানি তারকা

এশিয়া পোস্ট বিনোদন
আমিশার জন্মদিনে ফের গুঞ্জন উসকে দিলেন পাকিস্তানি তারকা
আমিশা প্যাটেল ও ইমরান আব্বাস। ছবি: সংগৃহীত

বিনোদন জগতে রাজনীতি বা ভৌগোলিক সীমানা যে কোনো বাধা হতে পারে না, তা আবারও প্রমাণ করলেন বলিউডের ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল এবং পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস। আমিশা প্যাটেলের জন্মদিনে পুরোনো একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানি তারকা ইমরান তাদের মধ্যে গভীর বন্ধুত্বের বার্তা দেন। অনেকে অবশ্য তাদের এই রসায়ন নিয়ে ভিন্ন ধারণা পোষণ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুই চিরবৈরী দেশের এ দুই তারকার একটি পুরোনো রোমান্টিক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা দুই দেশের ভক্তদের মনে দারুণ সাড়া ফেলেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আমিশা অভিনীত ‘ক্রান্তি’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল মে দর্দ সা জাগা হ্যায়’-এর সঙ্গে দারুণ রসায়নে পারফর্ম করছেন ইমরান ও আমিশা। মূলত গত ৯ জুন আমিশার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে ইমরান আব্বাস নিজেই এই থ্রোব্যাক ভিডিওটি শেয়ার করেছিলেন। এ সময় তাদের খুবই ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

বছর তিনেক আগে বলিউডে জোর গুঞ্জন ছিল, পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে সেই গুঞ্জন খুব বেশি ডালপালা মেলেনি।

পুরোনো ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই তাদের ‘মনোমুগ্ধকর’ জুটি হিসেবে আখ্যা দিয়েছেন নেটিজেনরা। দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন উঠলেও আমিশা স্পষ্ট জানিয়ে দেন, তারা শুধুই ভালো বন্ধু এবং ভিডিওটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ও মজার ছলে তৈরি করা হয়েছিল।

সবকিছু ছাপিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও শিল্প ও বন্ধুত্বের এই মেলবন্ধন ভক্তদের মনে এক পজিটিভ বার্তা দিচ্ছে। দুই তারকার এই উষ্ণ সমীকরণ যেন মনে করিয়ে দেয়—শিল্প, সংগীত ও ভালোবাসা মানে না কাঁটাতারের কোনো প্রতিবন্ধকতা।