logo

কৃতি শেঠির বৃহস্পতি তুঙ্গে

কৃতি শেঠির বৃহস্পতি তুঙ্গে

তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক অনিল রাভিপুদি তার পরবর্তী সিনেমার জন্য কৃতি শেঠিকে নিশ্চিত করেছেন। সোমবার (৬ এপ্রিল) প্রদীপ রঙ্গনাথান ও কৃতি শেঠির আসন্ন রোমান্টিক কমেডি ‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’র প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল রাভিপুদি। এ সময় তিনি নিশ্চিত করেন, তার পরবর্তী সিনেমায় কৃতি শেঠি নারীপ্রধান চরিত্রে অভিনয় করবেন।

কয়েকদিন আগে অনিল রাভিপুদি তার মাল্টি-স্টারার সিনেমায় ভেঙ্কটেশ ও কল্যাণ রামকে কাস্ট করেন। সে সময় প্রধান নায়িকার নাম ঘোষণা করা হয়নি। এবার তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন যে, দক্ষিণী সিনেমার অন্যতম মেধাবী অভিনেত্রী কৃতিই হতে যাচ্ছেন সেই নায়িকা।

‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’ পরিচালনা করেছেন ভিগনেশ শিবান এবং প্রযোজনা করছেন অভিনেত্রী নয়নতারা। সেই প্রচারণা অনুষ্ঠানে নয়নতারা ও ভিগনেশ শিবানের আতিথেয়তা ও স্নেহে মুগ্ধ অনিল রাভিপুদি বলেন, এই টিমের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে।

এরপর অনিল তার আসন্ন ছবিতে কৃতির ভূমিকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। অনিল বলেন, ‘কৃতি আর আমি একসাথে কাজ করতে যাচ্ছি। শিগগির দেখা হবে শুটিংয়ের সেটে।’

তামিল ভাষী কৃতি শেঠির তেলেগু ভাষার দক্ষতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আপনি খুব ভালো তেলেগু বলেন। পরবর্তী তেলেগু ছবিতে নিজেই ডাবিং করুন।’

‘লাভ ইন্স্যুরেন্স কোম্পানি’তে কৃতি শেঠি প্রদীপ রঙ্গনাথনের বিপরীতে নারীপ্রধান চরিত্রে অভিনয় করছেন, যা আগামী ১০ এপ্রিল তেলেগু ভাষায়ও মুক্তি পাবে।