‘কিং’ এর মুক্তির তারিখ জানালেন শাহরুখ

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, তা উড়িয়ে দিয়েছেন বলিউড তারকা নিজেই। নির্ধারিত সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে ‘আস্ক এসআরকে’ সেশনে অংশ নেন শাহরুখ। সেখানে এক ভক্ত ‘কিং’-এর মুক্তির তারিখ পরিবর্তন হবে কি না জানতে চাইলে অভিনেতা সরাসরি জানান মুক্তির তারিখ পিছোচ্ছে না। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘কিং’ নিয়ে নতুন আপডেট জানতে চাওয়া আরেক ভক্তকে শাহরুখ জানান, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হচ্ছে না। বরং ভালো কিছু উপহার দেওয়ার জন্য কাজ চলছে। সিনেমার বিভিন্ন ঝলক ২৪ ডিসেম্বরের আগেই প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রেলার নিয়েও ভক্তদের প্রশ্নের মুখে পড়েন শাহরুখ। এক ভক্ত ট্রেলার প্রকাশের দাবি জানালে অভিনেতা জানান, আপাতত শুধু কথা বলছেন, ট্রেলার পরে আসবে। সিনেমা মুক্তির এখনও প্রায় ১০০ দিন বাকি বলেও উল্লেখ করেন তিনি।
‘কিং’-এর শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন শাহরুখ। তিনি জানান, শুটিংয়ের সময় কয়েকবার চোট পাওয়ায় কাজ থামিয়ে আবার শুরু করতে হয়েছে। তবে এখন তিনি সুস্থ এবং সিনেমার কাজ প্রায় শেষের দিকে।
এদিকে একই দিনে ‘কিং’-এর প্রথম সংলাপও প্রকাশ করেছেন শাহরুখ। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রকাশিত ভিডিওতে অভিনেতার কণ্ঠে শোনা যায় সিনেমাটির সংলাপ। সেখানে ২৪ ডিসেম্বর মুক্তির কথাও পুনরায় জানানো হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, অর্জুন ওয়ারসি, জয়দীপ আহলাওয়াতসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, সিনেমা এক্সপ্রেস ও শাহরুখ খানের এক্স পোস্ট।

