logo

দেবের পরিচালনায় ‘দুই পৃথিবী ২’, নায়ক হতে রাজি জিৎ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
দেবের পরিচালনায় ‘দুই পৃথিবী ২’, নায়ক হতে রাজি জিৎ
'দুই পৃথিবী' সিনেমায় দেব ও জিৎ

দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা গেল টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও জিৎকে। দেবের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল দুই তারকাকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা। দেব পরিচালনা করলে ‘দুই পৃথিবী ২’ সিনেমায় অভিনয় করতে আগ্রহী বলে জানিয়েছেন জিৎ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন জিৎ। তাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দেবের অনুরাগীরাদের পাশাপাশি জিতের ভক্তরাও। দুই তারকাকে একই মঞ্চে দেখে দর্শকদের পক্ষ থেকে তাদের আবারও একসঙ্গে সিনেমায় দেখার দাবি ওঠে।

দর্শকদের সেই প্রত্যাশার উত্তরে জিৎ জানান, ‘দুই পৃথিবী ২’ নির্মিত হলে এবং দেব পরিচালনার দায়িত্ব নিলে তিনি সিনেমাটিতে নায়ক হিসেবে অভিনয় করতে চান। তার এমন বক্তব্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে এখনই ‘দুই পৃথিবী ২’ নির্মাণের চূড়ান্ত ঘোষণা হিসেবে বিষয়টিকে দেখার সুযোগ নেই। জিতের বক্তব্যে সিনেমাটি নিয়ে আগ্রহের ইঙ্গিত মিললেও এর নির্মাণ, অভিনয়শিল্পী কিংবা কাজ শুরুর সময় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দুই পৃথিবী’ সিনেমায় দেব ও জিৎকে একসঙ্গে দেখা গিয়েছিল। দীর্ঘ সময় পর তাদের আবারও একসঙ্গে পর্দায় ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হন। তাদের একনজর দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্ত। বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘দেশু ৭’ নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে দেব কথা বলেন সিনেমাটি ঘিরে নানা চ্যালেঞ্জের বিষয়ে। বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্যকে নিষেধাজ্ঞার পরিস্থিতি কাটিয়ে আবারও সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে।

অন্যদিকে, সিনেমাটি নিয়ে আশাবাদী ইধিকা পাল। তার প্রত্যাশা, ‘দেশু ৭’ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে। ছবিটি নিয়ে তার মন্তব্যও অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা, আনন্দবাজার