logo

তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা হামলার হুমকি

তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা হামলার হুমকি

থালাপতি বিজয়কে জড়িয়ে সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এই অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনেই বিজয়ের দীর্ঘদিনের সংসার ভাঙছে বলে ধারণা নেটপাড়ায়। এবার দক্ষিণী এ তারকা অভিনেত্রীর বাড়িতে বোমা মারার হুমকি দিল দৃষ্কৃতকারীরা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে ইমেইলে বারবার তৃষা কৃষাণের বাড়িতে বোমা হামলার হুমকি আসতে থাকে। সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই এই হুমকি দেওয়ার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বিনোদন অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানা যায়, পুলিশ কন্ট্রোল রুমে বোমার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়, অভিনেত্রীর বাড়িতে বোমা রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে শুরু হয় আতঙ্ক। ইমেইল পাওয়ার পর দ্রুত পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড তৃষার চেন্নাইয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় পুলিশ স্নিফার কুকুর দিয়েও অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, বাড়িতে কোনো সন্দেহজনক বা বিস্ফোরক দ্রব্য মেলেনি।

এ আগে ২০২৫ সালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন তৃষা। সেই সময়েও সন্দেহজনক বা বিস্ফোরক কিছু মেলেনি। ধারণা করা হচ্ছে, মেইলটি আতঙ্ক সৃষ্টির জন্যই পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। এতে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন হলেও অভিনেত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আগামী জুলাইয়ে চিরঞ্জীবীর সঙ্গে অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ‘বিশ্বম্ভরা’য় দেখা যাবে তৃষাকে। অ্যাডভেঞ্চারের সঙ্গে অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটির জন্য দর্শকরাও অধীর হয়ে অপেক্ষা করছেন।