প্রথম সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর: দ্য মুভি’

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে বহুল আলোচিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু শর্মা অভিনীত ছবিটি সাত দিনে বিশ্বজুড়ে গ্রস আয় করেছে প্রায় ২১২ কোটি ৪৪ লাখ রুপি।
বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১০ কোটি ৫৫ লাখ রুপি। ফলে প্রথম সপ্তাহ শেষে দেশটির বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় হয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি।
ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। প্রথম সাত দিনে ওভারসিজ বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি। ভারতের গ্রস ও আন্তর্জাতিক বাজারের আয় মিলিয়ে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিল ২৫ কোটি ৭৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় দিনে আয় হয় ৩২ কোটি রুপি। প্রথম সপ্তাহের সবচেয়ে ভালো ব্যবসা এসেছে তৃতীয় দিনে- রোববার ছবিটি আয় করে ৩৬ কোটি রুপি। এরপর কর্মদিবসে আয় কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রাখে সিনেমাটি। সপ্তম দিনে ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করে প্রথম সপ্তাহ শেষ করে ছবিটি।
জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘মির্জাপুর’-এর বড় পর্দার এই সিনেমাটি মূল সিরিজের গল্পের সঙ্গে সম্পর্কিত চরিত্র ও সংঘাতকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে কালীন ভাইয়া চরিত্রে ফিরেছেন পঙ্কজ ত্রিপাঠী। গুড্ডু পণ্ডিতের ভূমিকায় রয়েছেন আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে দেখা গেছে দিব্যেন্দু শর্মাকে।
সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং। গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, জিতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
প্রথম সপ্তাহেই ২০০ কোটির ঘর পেরিয়ে যাওয়ায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় আরও বাড়বে কি না, এখন সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।
সূত্র: স্যাকনিল্ক

