ভক্তের বুকে শেহনাজের ট্যাটু

প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য ভক্ত-অনুরাগীরা কতরকম পাগলামোই না করেন। ঠিক তেমনই এক ভক্ত নিজের বুকে ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিলের মুখাবয়বের ট্যাটু করিয়ে আলোচনায় এসেছেন, যা দেখে অবাক হয়েছেন শেহনাজ নিজেই।
ফিল্মবিট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি শার্টের বোতাম খুলে শেহনাজকে তার বুকে আঁকা ট্যাটুটি দেখাচ্ছেন। তা দেখে অভিনেত্রী হতবাক হয়ে তাকে প্রশ্ন করেন যে, কেন এই ট্যাটু করে নিজেকে কষ্ট দিয়েছেন।

জবাবে সেই ভক্ত বলেন, কারণ তিনি শেহনাজের বড় ভক্ত। পরবর্তীতে অভিনেত্রী তাকে ধন্যবাদ জানান। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা।

ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়েই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন শেহনাজ গিল। এরপর বেশ কিছু মিউজিক ভিডিও ও সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয়ে দাগ কাটেন এ সুন্দরী।

