logo

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেরোলো ৫০০ কোটির মাইলফলক

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেরোলো ৫০০ কোটির মাইলফলক

‘ধুরন্ধর ২’ নিয়ে যে ধুন্ধুমার হবে—তা বোঝা গিয়েছিল আগেই। তবে প্রত্যাশাকে যে ছাড়িয়ে যাবে, সেটা বোঝা যায়নি। মুক্তির প্রথম দিনে থেকেই হুলুস্থুল চারদিকে। মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিস কালেকশন পার হলো ৩০০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমার আয় দাঁড়িয়েছে ৫০১ কোটি রুপিতে। রণবীর সিং-আদিত্য ধরের সিনেমাটি ঈদের সপ্তাহান্তে বড় অঙ্কের টাকা আয় করবে নিশ্চিত।

বলিউড লাইফ সূত্রে জানা গেছে, স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন পেইড প্রিভিউসহ দেশপ্রেমে মত্ত রণবীরের প্রতিশোধের সিনেমাটি প্রথম দিনেই ১৪৫ কোটি রুপি আয় করেছে বলে জানায়। দ্বিতীয় দিনে এটি ৮০.৭২ কোটি রুপি সংগ্রহ করে। তৃতীয় দিনে আরও রমরমা অবস্থা। এ দিন প্রায় ১১৩ কোটি টাকা সংগ্রহ করেছে। মোট তিন দিনে ছবিটির আয় শুধু ভারতেই ৩৩৯.২৭ কোটি রুপিতে পৌঁছেছে। 

মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়ে আসছে। বলিউডসহ দক্ষিণী তারকারাও প্রশংসায় পঞ্চমুখ। সিনেপ্রেমীরা এক প্রকার হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটি দেখতে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডায় বিশাল জনসমাগম ও প্রেক্ষাগৃহে দর্শকদের ভালো উপস্থিতি এটাই প্রমাণ করে যে, সিনেমাটির উন্মাদনা শুধু ভারতেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে আগামী ১৯ মার্চ সিনেমা হলে এর সিক্যুয়েলে আমির হামজার চরম প্রতিশোধ দেখা গেছে পর্দায়। ‘ধুরন্ধর ২’-এ প্রতিশোধের নেশায় উন্মত্ত এক গোয়েন্দা-যোদ্ধা হামজার দানবীয় ও ভয়ংকর রূপ দেখে দর্শক অভিভূত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে।

আদিত্য ধরের পরিচালনা এবং প্রায় চার ঘণ্টার টানটান চিত্রনাট্য দর্শকদের সিটে বসিয়ে রাখছে। রণবীর সিং ছাড়াও এই ছবিতে আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই প্রতিশোধের গল্পটি দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগকেও উস্কে দিয়েছে।