logo

কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘বনলতা এক্সপ্রেস’-এর রেকর্ড

কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘বনলতা এক্সপ্রেস’-এর রেকর্ড

উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে তানিম নূর পরিচালিত এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেইসঙ্গে ইউএস টপচার্টে ১৭ নম্বরে চলে এসেছে। সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে।

কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্যে অভিভূত পরিচালক তানিম নূর। তিনি বলেন, আমি উত্তর আমেরিকার দর্শকের সাড়ায় অভিভূত। সিনেমার সব শিল্পী, কলাকুশলীকে ধন্যবাদ। হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করছি। উনিই আসল ম্যাজিশিয়ান। সঙ্গে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে ধন্যবাদ জানাই সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য।’

সিনেমাটির এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি বলেন, ‘গত তিন দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ‘বনলতা এক্সপ্রেস’ যা ঘটাল, সেটাকে সুনামি বললেও সঠিক বলা হচ্ছে না। এটা অবিশ্বাস্য অন্যরকম কিছু। প্রথম বাংলাদেশি ছবি হিসেবে ডমেস্টিক (ইউএসএ + কানাডা) বক্স অফিস টপ চার্টের সেরা ২০-এ জায়গা করে নিল চলচ্চিত্রটি। ওপেনিং তিন দিনে সিনেমাটির গ্রস আয় ১ লাখ ৫৪ হাজার ডলার। এর আগে আমরা এমন কিছু দেখেছিলাম ‘হাওয়া’র সময়, যেটি প্রথম তিন দিনে গ্রস করেছিল ১ লাখ ৫৯ হাজার ডলার। আর কোনো বাংলাদেশি চলচ্চিত্র উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ৩ দিনে ৬৫ হাজার ডলারও গ্রস করতে পারেনি। তিন দিনের আয় দিয়েই ‘বনলতা এক্সপ্রেস’ এরই মধ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। পেছনে পড়ে গেছে তুফান (১ লাখ ৫০ হাজার ডলার), প্রিয়তমা (১ লাখ ৩২ হাজার ডলার), দেবীর (১ লাখ ২৫ হাজার ডলার) লাইফটাইম কালেকশন। তবে এ সাফল্য যত অবিশ্বাস্যই হোক, একেবারে অপ্রতাশিত ছিল না।

গত বছর ‘উৎসব’ বানিয়ে এখানকার দর্শকদের মনে যে আস্থার সৃষ্টি করেছেন তানিম নূর ও তার দল, তাদের পরের ছবি বড় কিছু করবে—এমন বিশ্বাস ছিল। পরের ছবিতে তারা আবার সঙ্গে যুক্ত করলেন বাংলা বিনোদন ভুবনের সবচেয়ে বড় তারকা হুমায়ূন আহমেদকে। তো যেটা হলো, পুষ্পা ২ ও ধুরন্ধর ২ যেমন পুষ্পা-ধুরন্ধরের চেয়ে বড় হিট হলো, তানিম নূরদের পরিবার ছাড়া দেখা নিষেধ ২ (বনলতা এক্সপ্রেস)ও পরিবার ছাড়া দেখা নিষেধ (উৎসব)-এর চেয়ে বড় হিট হয়ে গেল। যেহেতু ‘হাওয়া’র মতো কিছু একটা আমরা দেখলাম প্রথম তিন দিনে, লাইফটাইমে ‘হাওয়া’র আয়ের (৩ লাখ ৫৮ হাজার ডলার) আশপাশে থাকুক ‘বনলতা এক্সপ্রেস’ এটা প্রত্যাশা।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ৩ এপ্রিল মুক্তি পেয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউকের ৫২টি সিনেমা হলে। বাংলাদেশি সিনেমার পাইওনিয়ার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার ১০টি, আমেরিকার ৩৮টি ও ইউকের ৪টি থিয়েটারে চলছে ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগেরি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা ও হ্যালিফ্যাক্স দেখা যাচ্ছে সিনেমাটি।

যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলো হলো—নিউইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা ও সান ফ্রান্সিসকো বে এরিয়া।

এ ছাড়া ইংল্যান্ডের লন্ডন ও বার্মিংহামে দর্শকরা উপভোগ করছেন ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমাটির পরিচালনায় ছিলেন তানিম নূর। প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, মম, বাঁধন, সাবিলা নূর, আরেফিন জিলানী ও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই প্রোডাকশন। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। তথ্যসূত্র: কমস্কোর