জেনডেয়ার সঙ্গে দ্বন্দ্বে মুখ খুললেন সিডনি সুইনি

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির সঙ্গে আরেক তারকা জেনডেয়ার তুমুল দ্বন্দ্ব কিছুদিন ধরে হলিউডের চর্চিত বিষয় ছিল। তুমুল দর্শকনন্দিত ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র পর্দার পেছনের গল্প এবার রূপ নিয়েছে বাস্তব জীবনের নাটকে। সিরিজের প্রধান দুই তারকা জেনডেয়া ও সিডনি সুইনির মধ্যে সম্পর্ক একেবারেই শীতল।
একে তো রাজনৈতিক মতাদর্শে অমিল, তার ওপর জেনডেয়ার স্বামী টম হলান্ডের প্রতি সুইনির দুর্বলতাকে কেন্দ্র করে দূরত্ব বাড়ে দুই তারকার। তাদের দ্বন্দ্ব এতটাই বেড়েছে যে, সিরিজের তৃতীয় সিজনের প্রিমিয়ারেও তারা একে অন্যকে এড়িয়ে চলেছেন।
দর্শক-ভক্তরা অধীর হয়ে ছিলেন—কী ঘটেছিল তাদের মধ্যে, তা জানার জন্য। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন ২৮ বছর বয়সি অভিনেত্রী সিডনি সুইনি। ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি করা মনগড়া গল্প বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সূত্র: পেজ সিক্স
সাক্ষাৎকারে সুইনি বলেন, ‘আমরা সবাই এই সিরিজে একসঙ্গে বড় হয়েছি। এইচবিওর সঙ্গে আমাদের চুক্তি ছিল। তাই কারও ব্যক্তিগত শিডিউলের জন্য কাজ আটকে থাকার সুযোগ নেই।’ সংবাদমাধ্যমের গসিপকে বেশ ‘মজার’ বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
সুইনির মুখ খোলার পরও পর্দার ক্যাসি ও রু-এর বাস্তব জীবনের শীতল লড়াইয়ের গুঞ্জন নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা থামছে না। তবে সিডনির এই স্পষ্ট জবাবের পর ‘ইউফোরিয়া’র অন্দরমহলের নাটকীয়তা কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়!
