Advertisement

দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

এশিয়া পোস্ট বিনোদন
দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

তিন মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী তারকা সুরিয়া। আর ফিরেই আবারও বক্স অফিসে সাফল্যের দেখা পেলেন অভিনেতা। ভেঙ্কি আতলুরি পরিচালিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে।

Advertisement

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনে সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা হয়ে উঠেছে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’।

এর আগে, সুরিয়ার ‘কারুপ্পু’ও বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে উঠে আসে। ফলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই সিনেমা ১০০ কোটির মাইলফলক পেরিয়ে সুরিয়া যেন বক্স অফিসে টানা দুটি সেঞ্চুরি হাঁকালেন।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর গল্প আবর্তিত হয়েছে শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হন তিনি। কিন্তু কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে সঞ্জয় যোগাযোগ করেন সারোগেট মায়ের সঙ্গে।

সন্তানকে ঘিরে শুরুতে অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক থাকলেও ধীরে ধীরে সঞ্জয় ও ওই নারীর মধ্যে তৈরি হয় ভালোবাসা। তবে এই সম্পর্ক ঘিরে রয়েছে বয়সের বড় ব্যবধান—সঞ্জয়ের চেয়ে প্রায় ২০ বছরের ছোট ম্যাডি।

সামাজিক নানা ট্যাবু ও প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করার বিষয়টি সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে উঠে এসেছে। এ কারণে দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে ছবিটি।

সুরিয়ার সঙ্গে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এ অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসারসহ আরও অনেকে। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আতলুরি।

দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’