বর্ডার ২-এর গতি কমলেও ঘুরে দাঁড়াতে পারছে না ‘মারদানি ৩’

এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পেয়েছে সানি দেওলের বহুল আলোচিত সিনেমা ‘বর্ডার ২’ এবং রানী মুখার্জির ‘মারদানি ৩’। দুটি ছবিই শুরুতে বক্স অফিসে আলাদাভাবে আলোচনার জন্ম দেয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে সেগুলোর বাণিজ্যিক গতিপথ।
গত ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া অনুরাগ সিং পরিচালিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’ শুরু থেকেই বক্স অফিসে ঝড় তোলে। সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিত দোসাঞ্জের অভিনয়ে ছবিটি দর্শকপ্রিয়তা পায়। এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। তবে সম্প্রতি এর দৌড় কিছুটা থমকে গেছে। বুধবার ছবিটির আয় নেমে আসে সিঙ্গেল ডিজিটে—সেদিন ব্যবসা করেছে প্রায় ৩.৫৬ কোটি টাকা।
অ্যাকশন ও আবেগের সমন্বয়ে নির্মিত ‘বর্ডার ২’-এর বেশ কিছু দৃশ্য দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। চরিত্রগুলোর সঙ্গে মানানসই অ্যাকশন, শক্তিশালী পাঞ্চলাইন এবং মনমাতানো গান ছবিটির বড় শক্তি হয়ে উঠেছে।
এদিকে ৩০ জানুয়ারি মুক্তি পায় রানী মুখার্জি অভিনীত ‘মারদানি’ সিরিজের তৃতীয় কিস্তি ‘মারদানি ৩’। মানব পাচার, নারীশক্তি ও থ্রিলারের মিশেলে নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল বেশ উঁচু। তবে মুক্তির পর থেকেই সানি দেওলের দাপটে কিছুটা চাপে পড়ে যায় অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমা।
‘মারদানি ৩’-এ রানী মুখার্জি আবারও সাহসী পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজী রায় চরিত্রে ফিরেছেন। তার শক্তিশালী উপস্থিতি থাকলেও গল্পে নতুনত্বের ঘাটতি থাকায় ছবিটি প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। তবুও ‘বর্ডার ২’-এর আয় কমে যাওয়ায় কিছুটা সুযোগ পাচ্ছে রানীর সিনেমাটি। বুধবার ছবিটি আয় করেছে প্রায় ১.৭১ কোটি টাকা। এখন পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ২৪.০৬ কোটি টাকা।
শেষ পর্যন্ত রানী মুখার্জির অভিনয়শক্তি দিয়ে ‘মারদানি ৩’ কতটা ঘুরে দাঁড়াতে পারে—সেটাই এখন বক্স অফিসের বড় প্রশ্ন।