logo

রইদ, মাস্তুলসহ বিনামূল্যে ছয় সিনেমা দেখা যাবে শিল্পকলায়

রইদ, মাস্তুলসহ বিনামূল্যে ছয় সিনেমা দেখা যাবে শিল্পকলায়

নতুন ও পুরনো সময়ের ছয়টি চলচ্চিত্র নিয়ে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। আগামী ৯ থেকে ১১ আগস্ট জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। দর্শকদের জন্য সব প্রদর্শনী উন্মুক্ত থাকবে, অর্থাৎ কোনো টিকিট ছাড়াই সিনেমাগুলো দেখার সুযোগ থাকছে।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে আয়োজনটি।

৯ আগস্ট (রোববার) বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। এবারের ঈদুল আজহায় মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেনসহ অনেকে।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকরা দেখতে পারবেন মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সাম্প্রতিক চলচ্চিত্র ‘মাস্তুল’।

শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

এদিকে উৎসবকে ঘিরে ৭ আগস্ট শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান ও এস এম ইমরান হোসেন।