logo

মুখ লুকিয়ে দৌড়ে গাড়িতে উঠলেন হুমা কুরেশি

মুখ লুকিয়ে দৌড়ে গাড়িতে উঠলেন হুমা কুরেশি
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড অভিনেত্রীদের প্রতিনিয়ত পাপারাজ্জিদের ক্যামেরার ফাঁদে পড়তে দেখা যায়। কখনো অপ্রস্তুত অবস্থায় মালাইকা জিমে ঢুকছেন, তো কখনো কারিশমা বাসা থেকে বের হচ্ছেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের ভিডিও ধারণ করে ফেলছেন উপস্থিত চিত্রগ্রাহকরা। এমনই এক বিব্রতকর মুহূর্তের শিকার হলেন বলিউডের ‘মহারানি’ হুমা কুরেশি।

‘টেলি ড্রামা’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বাড়ি থেকে হুমা বের হচ্ছেন। সেখানে আগে থেকেই উপস্থিত পাপারাজ্জিরা তাকে দেখে ছবি ও ভিডিও করতে শুরু করেন। এতে বিব্রত হন এই অভিনেত্রী এবং তাদের সঙ্গে কোনো কথা না বলেই মুখ লুকিয়ে অপেক্ষমাণ গাড়িতে দৌড়ে উঠে যান।

ভিডিওতে হুমাকে মেকআপ ছাড়া দেখা যায়। তার মাথায় ছিল একটি কালো ক্যাপ (টুপি) এবং পরনে ছিল টি-শার্ট ও লেগিংস।

হুমা নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত জিমে গিয়ে থাকেন। জিম থেকে বের হওয়ার সময় ভিডিও করায় তিনি বিব্রত হন। এই বিষয়ে বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে হুমা ছাড়াও বলিউডের অনেক অভিনেত্রী নিজেদের বিরক্তির কথা প্রকাশ করেছেন।

হুমা কুরেশিকে সবশেষ অভিনয় করতে দেখা গেছে ক্রাইম-থ্রিলার ‘বেবি ডু ডাই ডু’ সিনেমায়। এতে তিনি একজন পেশাদার খুনির চরিত্রে অভিনয় করেছেন। নচিকেত সামন্তের পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় করেছেন চাঙ্কি পান্ডে ও সিকান্দার খের।