এখনও মনে হচ্ছে খবরটা ভুল: রাজ চক্রবর্তী

ভারতীয় সিনেদুনিয়াকে, বিশেষ করে টলিউডকে শোকস্তব্ধ করে শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ ও হতবাক সিনেমা অঙ্গন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। যদিও শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি।
প্রিয় অভিনেতার এমন অকালে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তার সহকর্মীরা। সেই কাতারে আছেন পরিচালক রাজ চক্রবর্তী!
২০০৮ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাহুল রাতারাতি জনপ্রিয়তা পান। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি ছিলেন ‘রাহুল-প্রিয়াংকা’র রাহুল। রাজ চক্রবর্তীর এ সিনেমায় তৈরি হয় সেই জুটি। রাজের তৈরি সেই জুটির একজন আজ নেই। প্রথমে শুনে বিশ্বাস করতে পারেননি পরিচালক রাজ চক্রবর্তী। বারবার ভেবেছেন—হয়তো এ খবর ভুল।
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন ধারা এনেছিলেন রাজ চক্রবর্তী। তিনিও পরিচালক হিসেবে তখন নবাগত ছিলেন। রাহুল-প্রিয়াংকার পর্দার প্রেম বাস্তবেও জায়গা করে নিয়েছিল।
২০১০ সালে বিয়ে হয় রাহুল-প্রিয়াংকার। পুত্রসন্তানের জন্ম দেন এ দম্পতি। নাম সহজ। দাম্পত্যে দূরত্বও আসে একসময়। কিন্তু তখনো দর্শকদের কাছে রাহুল-প্রিয়াংকা জুটি অটুট। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে থাকে। রাজের তৈরি জুটি বাস্তবেও অটুট হয়েই থেকে গেল শেষ দিন পর্যন্ত।
এ বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তী বলেন, রাহুলের মৃত্যুর খবর প্রথম পান শুভশ্রীর কাছ থেকে। কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না তিনি। প্রিয়াংকাকে ফোন করতেও ইতস্তত বোধ করছিলেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হন, খবরটা সত্যি।
পরিচালক বলেন, এখনো মনে হচ্ছে—খবরটা ভুল। আমাদের প্রথম সিনেমা একসঙ্গে। ১৮ বছর হয়ে গেছে সেই সিনেমার। ও মঞ্চেও ভালো কাজ করেছে। ভালো লেখালিখি করত। খুব গুণী ছেলে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। ওর পরিবারেরও বড় ক্ষতি।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।