logo

৩০ বছর পর সরাতে হলো শাহরুখের সিনেমা

৩০ বছর পর সরাতে হলো শাহরুখের সিনেমা

সেই মুক্তি পাওয়ার পর থেকেই ক্রমাগত চলছিল বলিউডের সর্বকালের অন্যতম সেরা প্রেমের গল্প ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলি-বাদশা শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমাটি ৩০ বছর ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে সকাল সাড়ে ১১টার শো-তে প্রদর্শন হয়ে আসছিল। অবশেষে থামতে যাচ্ছে সেই ত্রিশ বছরের রেকর্ড। অ্যাকশন ধুরন্ধরের ধাক্কায় প্রেমের সিনেমাটিকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন হল মালিক।

সিনেপ্রেমীদের কাছে মারাঠা মন্দির প্রেক্ষাগৃহের এ খবরটি কিছুটা কৌতূহল সৃষ্টি করেছে। কোন সেই সিনেমা—যার জন্য শাহরুখকে সরে যেতে হচ্ছে? সেটি হলো সাম্প্রতিক সময়ে ক্রেজ সৃষ্টি করা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। 

আর মাত্র ৪৮ ঘণ্টার মতো। তার আগেই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ নিয়ে যা শুরু হলো, তাকে এই ছবিকে স্রেফ ‘ক্রেজে’র পর্যায়ে রাখা যাচ্ছে না। প্রায় ৪ ঘণ্টার দীর্ঘ সিনেমা হলেও টিকিটের চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন হল মালিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের বিভিন্ন প্রান্তে এখন ২৪ ঘণ্টাই চলবে রণবীর কাপুরের সিনেমাটি।

কিন্তু অবাক করা খবর, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দির থেকে। দীর্ঘ ৩০ বছর ধরে সেখানে সকাল সাড়ে ১১টার শোতে চলছিল রাজ ও সিমরানের সেই অমর প্রেমের গল্প। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর বিশাল রানটাইম এবং জনজোয়ার সামলাতে সেই শোকে সরিয়ে আরও সকালের স্লটে পাঠানো হয়েছে।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সেই থেকে আজও এই সিনেমা ভারতীয় সিনেমার প্রেমকাহিনির অন্যতম প্রতীক হিসেবে দেশ-বিদেশের দর্শকদের হৃদয়ে অমর।