আইনি জটিলতায় জাহ্নবী ও খুশি কাপুর

মায়ের সম্পত্তি জটিলতায় মামলার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী ও খুশি কাপুর। তামিলনাড়ুর চেন্নাই শহরে রেখে যাওয়া প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর সম্পত্তি নিয়ে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। কেনার সময় কয়েকটি জাল কাগজে শ্রীদেবী জমিগুলো কেনেন বলে অভিযোগ।
এ বিষয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। এরই মধ্যে মায়ের সম্পত্তি জটিলতা নিরসনে তারা মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল সূত্রে জানা যায়, বহু বছর আগে তামিলনাড়ুর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড এলাকার প্রায় ৫ একর জমি কেনেন শ্রীদেবী। সেখানে ভোগদখলে থাকা কিছু ব্যক্তির দাবি, ওই জমির ওপর তাদেরও অধিকার রয়েছে। এ নিয়েই শুরু আইনি বিতর্ক।
অভিযোগ উঠেছে, কিছু জাল নথি দিয়ে জমিটি কেনা হয়েছিল। তাই আদালতে মামলা করে জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। মামলার পরপরই বিষয়টি প্রকাশ পেয়েছে।
আদালতে গিয়ে বনি ও তার দুই মেয়ে আবেদন করেন, যেন এই মামলা খারিজ করা হয়। তাদের দাবি, জমিটি সম্পূর্ণ আইন মেনেই কেনা হয়েছিল এবং এত বছর পরে হঠাৎ করে এ ধরনের দাবি তোলা ঠিক নয়।
ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। ২০১৮ সালে দুবাইয়ে তাঁর আকস্মিক মৃত্যু হয়। এরপরই কাপুর পরিবারের সম্পত্তি নিয়ে বিভিন্ন আইনি বিষয় সামনে এসেছে। এই নতুন মামলাকে ঘিরে এখন বলিউড মহলে আলোচনা শুরু হয়েছে।