অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন?

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্টকে ঘিরে সম্প্রতি তার অবসর নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন খোদ অমিতাভ। তিনি স্পষ্ট করেছেন, অভিনয় বা কাজ থেকে অবসর নেওয়ার কোনো ঘোষণা তিনি দেননি।
ঘটনার সূত্রপাত অমিতাভের একটি ব্লগ পোস্টকে ঘিরে। সেখানে দিনের কাজ শেষে তিনি ‘রিটায়ার’ করার কথা লিখেছিলেন। বাক্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়ে, যেন ৮৩ বছর বয়সি এই অভিনেতা অভিনয়জীবন থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
পরবর্তী ব্লগ পোস্টে বিষয়টি পরিষ্কার করেন অমিতাভ। রসিকতার সুরে তিনি জানান, কাজ থেকে অবসর নেওয়া নয়, বরং দিনের শেষে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে ‘রিটায়ার’ শব্দটি ব্যবহার করেছিলেন।
অমিতাভের ভাষ্য অনুযায়ী, ‘না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর অর্থ হলো, আমি এখন ঘুমাতে যাচ্ছি।’ একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, সেখানে সংবাদমাধ্যমের প্রবেশের কোনো আমন্ত্রণ নেই।
এ ঘটনায় সংবাদ পরিবেশনের ধরন নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন অমিতাভ। তার বক্তব্য, একটি বাক্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে সংবাদ তৈরি করা হয়েছে। বিশেষ করে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তার বক্তব্যের ভিন্ন অর্থ দাঁড় করানো হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে ৮৩ বছর বয়সেও কাজের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম সঞ্চালনা করছেন। অনুষ্ঠানটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং নতুন মৌসুমেও তিনি নিয়মিত কাজ করছেন।
ফলে অমিতাভের সাম্প্রতিক পোস্টকে অভিনয়জীবনের বিদায়বার্তা হিসেবে দেখার সুযোগ নেই। তার নিজের ব্যাখ্যাতেই পরিষ্কার, ‘রিটায়ার’ বলতে তিনি সেদিনের কাজ শেষে ঘুমাতে যাওয়াকেই বোঝাতে চেয়েছিলেন।
সূত্র: গালফ নিউজ, এএনআই, মুভিফাইড

