‘লাইম ডিজিজে’র সঙ্গে লড়াই সুপারমডেল বেলা হাদিদের

এশিয়া পোস্ট বিনোদন
‘লাইম ডিজিজে’র সঙ্গে লড়াই সুপারমডেল বেলা হাদিদের
‘লাইম ডিজিজ’-এর তীব্র আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ছেন বেলা হাদিদ। ছবি: সংগৃহীত


সাম্প্রতিক সময়ে আমেরিকান ফ্যাশন আইকন ও বিশ্বখ্যাত সুপারমডেল বেলা হাদিদকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ায়। নতুন প্রেমের গুঞ্জন ওঠে ২৯ বছর বয়সী এই সুপারমডেলকে ঘিরে। গ্ল্যামার দুনিয়ার নামি এই তারকা এবার নিজের এক কঠিন ও অন্ধকার অধ্যায় নিয়ে ভক্তদের সামনে হাজির হলেন। দীর্ঘদিনের দীর্ঘস্থায়ী অসুস্থতা ‘লাইম ডিজিজ’-এর তীব্র আক্রমণে তিনি বিপর্যস্ত হয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নায় ভেঙে পড়ে ভক্তদের সঙ্গে বিষয় শেয়ার করেছেন এই সুপারমডেল।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বেলা হাদিদ জানান, এই রোগের তীব্র প্রকোপ বা ‘ফ্লেয়ার-আপ’-এর কারণে তিনি চরম বিষণ্ণতা ও একাকিত্বে ভুগছেন। রোগটির কারণে সৃষ্ট তীব্র শারীরিক ব্যথা, উদ্বেগ এবং ক্লান্তির কথা তুলে ধরেন তিনি।

তীব্র মানসিক অস্থিরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘যখনই মনে হয় সব ঠিক হতে শুরু করেছে, ঠিক তখনই রোগটি আবার চাড়া দিয়ে ওঠে। তখন মনে হয় জীবনে কোনো কিছুই আর নিশ্চিত নয়।’ সূত্র: ইডব্লিউএম ডটকম

বেলা হাদিদ আরও জানান, ঘুম থেকে ওঠার আগেই শরীরে তীব্র আতঙ্ক ও শারীরিক ব্যথা শুরু হয়ে যায়। ১১ ঘণ্টা ঘুমানোর পরও শরীর ও মন পুরোপুরি ক্লান্ত থাকে। এই অসুস্থতার কারণে প্রায়ই তাকে শেষ মুহূর্তে বিভিন্ন পরিকল্পনা বাতিল করতে হয়।

১৫ বছর ধরে নীরবে এই লড়াই চালিয়ে যাচ্ছেন বেলা। এর আগে ২০২৩ সালে ১০০ দিনের নিবিড় চিকিৎসার মাধ্যমে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু রোগটি পুরোপুরি পিছু ছাড়েনি। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও আশা হারাননি এই সুপারমডেল।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আলো আসবেই, হয়তো আজ তা দেখা যাচ্ছে না। সুস্থতার পথটা সোজা নয়। ঈশ্বর আমাদের ততটুকুই কষ্ট দেন, যতটুকু সহ্য করার ক্ষমতা আমাদের আছে।’

অসুস্থতার সঙ্গে লড়াই করে বেলা হাদিদের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখন বিশ্বজুড়ে লাখো ভক্তের অনুপ্রেরণা।